×

ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩

যে কারণে যুক্তরাষ্ট্রে বাতিল ২০ হাজারের বেশি ফ্লাইট

২০২৬ নভেম্বর ১৫ ১০:৪৬:১২

যে কারণে যুক্তরাষ্ট্রে বাতিল ২০ হাজারের বেশি ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক: নতুন রাউটারের কারিগরি ত্রুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এ ঘটনায় প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ ছিল দেশটির বিমান চলাচল। শুক্রবার (১৩ নভেম্বর) ও শনিবার (১৪ নভেম্বর) দুই দিনে ২০ হাজারের বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে রোববার (১৫ নভেম্বর) রাত পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে দেশটির ফেডারেল বিমান চলাচল কর্তৃপক্ষ।

রোববার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

কর্মকর্তারা জানান, সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান এলথ্রি হ্যারিসের স্থাপন করা নতুন রাউটারের ত্রুটি থেকে এ বিপর্যয়ের সূত্রপাত। পুরোনো তামার তারের যোগাযোগব্যবস্থা পরিবর্তন করে আধুনিক প্রযুক্তি স্থাপনের কাজ চলার সময় সমস্যাটি দেখা দেয়। এতে যুক্তরাষ্ট্রের ২২টি বিমান নিয়ন্ত্রণ কেন্দ্রের মধ্যে ১৭টির যোগাযোগ ও রাডার ব্যবস্থায় অস্থিরতা তৈরি হয়।

দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, নতুন রাউটারগুলো প্রতি চার থেকে পাঁচ সেকেন্ডে এক হাজারের বেশি সংযোগ স্থাপনের চেষ্টা করছিল। এতে যোগাযোগব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীদের ভুল, নাকি রাউটারের কারিগরি ত্রুটির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবারের বিপর্যয়ে প্রায় ৯ হাজার ২০০টি ফ্লাইট বাতিল এবং সাড়ে ৭ হাজার ফ্লাইট বিলম্বিত হয়। পরদিন শনিবারও ৬ হাজার ৪০০টির বেশি ফ্লাইট বাতিল এবং ৮ হাজারের বেশি ফ্লাইট বিলম্বের শিকার হয়।

বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময় যোগাযোগব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়েনি। তবে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশজুড়ে বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের পুরোনো বিমান যোগাযোগব্যবস্থা আধুনিকায়নে বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন বলে জানিয়েছেন কর্মকর্তারা। এ খাতের উন্নয়নে অতিরিক্ত ৫০ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছেন পরিবহনমন্ত্রী শন ডাফি।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত