×

ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

হরমুজ প্রণালিতে মাইনে আঘাত, এলপিজিবাহী জাহাজে বিস্ফোরণ

২০২৬ নভেম্বর ১৩ ১৫:০০:২৮

হরমুজ প্রণালিতে মাইনে আঘাত, এলপিজিবাহী জাহাজে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালির পূর্ব দিকে সমুদ্রে পেতে রাখা নৌমাইনে আঘাত লেগে একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)বাহী জাহাজে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী এ তথ্য জানিয়েছে।

আইআরজিসির নৌবাহিনীর দাবি, জাহাজটি ইরানের অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ দক্ষিণ দিকের নৌপথ দিয়ে চলাচলের চেষ্টা করছিল। এ সময় জাহাজটিকে বারবার সতর্ক করা হলেও সেটি ওই পথ ব্যবহার করে। একপর্যায়ে সমুদ্রে পেতে রাখা নৌমাইনে আঘাত লাগলে বড় ধরনের বিস্ফোরণ ঘটে।

আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এর আগে একই ধরনের ঘটনায় একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট জাহাজটি তা থেকে শিক্ষা নেয়নি। বরং মার্কিন যুদ্ধবিমানের নিরাপত্তার ওপর ভরসা করে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করেছে।

আইআরজিসি নৌবাহিনী আরও জানায়, হরমুজ প্রণালিতে তারা পূর্ণ দৃঢ়তা ও কঠোরতার সঙ্গে নিয়ন্ত্রণ বজায় রাখছে।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়, ইরানের নিয়ম অমান্য করে এবং বারবার সতর্কবার্তা উপেক্ষা করে কোনো জাহাজ অনুমোদনহীন ও বিপজ্জনক নৌপথে প্রবেশ করলে তাকেও একই পরিণতির মুখোমুখি হতে হবে।

তবে বিস্ফোরণে জাহাজটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, হতাহতের ঘটনা ঘটেছে কি না কিংবা জাহাজটির মালিকানা কোন দেশের—এসব বিষয়ে বিস্তারিত জানায়নি আইআরজিসি।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত