×

ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে দিল্লির ভাবনা, সামনে যেসব শর্ত

২০২৬ নভেম্বর ১৩ ১৫:৫০:২৯

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে দিল্লির ভাবনা, সামনে যেসব শর্ত

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৪ সালের জুলাইয়ে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোয়া দুই বছরেরও বেশি সময় ধরে তিনি সেখানেই অবস্থান করছেন। এর মধ্যে বাংলাদেশের আদালতে তাঁর মৃত্যুদণ্ডের রায় হয়েছে। কয়েক মাস আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, চলতি বছরের ডিসেম্বরেই দেশে ফিরবেন। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, এখনো সেই ঘোষণা থেকে সরে আসেননি তিনি। তবে ফেরার নির্দিষ্ট দিন-তারিখ জানাননি।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে তাঁর আশ্রয়দাতা দেশ ভারত এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে এই ঘোষণাকে দিল্লি কীভাবে দেখছে, এর পেছনে ভারতের কোনো ভূমিকা আছে কি না এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের পথ তৈরি করতে দেশটি পর্দার আড়ালে কোনো তৎপরতা চালাচ্ছে কি না—এসব প্রশ্নের উত্তর খুঁজেছে বিবিসি বাংলা। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

শেখ হাসিনার ঘোষণার সঙ্গে ভারতের যোগ কতটা?

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, এর সহজ উত্তর হলো, ভারতের প্রচ্ছন্ন সম্মতি বা অনুমোদন ছাড়া শেখ হাসিনা নিজে থেকে দেশে ফেরার এই ঘোষণা দেননি। অর্থাৎ, শেখ হাসিনা ও দিল্লি—দুই পক্ষের মধ্যে এ বিষয়ে সমঝোতা হওয়ার পরই তাঁর এই ঘোষণা এসেছে।

দিল্লিতে শেখ হাসিনার অবস্থান ভারতের সরকারের জন্য ক্রমেই বিব্রতকর হয়ে উঠছে—এটি গোপন কোনো বিষয় নয়। শুধু ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ভারতকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। গণহত্যার অভিযোগে অভিযুক্ত ও দণ্ডিত একজন ব্যক্তিকে তারা দিনের পর দিন আশ্রয় দিয়ে রেখেছে—এমন সমালোচনা শুনতে হচ্ছে দেশটিকে।

ভারতের জন্য সম্ভবত সবচেয়ে ভালো সমাধান হতো শেখ হাসিনা তৃতীয় কোনো দেশে চলে গেলে। অতীতে এ বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে দিল্লির একাধিকবার আলোচনা হলেও নানা কারণে সেই উদ্যোগ সফল হয়নি।

এ অবস্থায় ভারত মনে করছে, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে গিয়ে বিচারের মুখোমুখি হওয়ার চেষ্টা করাই একমাত্র বাস্তবসম্মত বিকল্প। বাংলাদেশের রাজনীতিতে ভারতের দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করতেও শেখ হাসিনার দেশে ফেরা ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলে দিল্লির নীতিনির্ধারকেরা একমত।

ভারতে আশ্রয় নেওয়া বিদেশি অতিথিদের নিয়মিতভাবে ডিব্রিফিংয়ের আয়োজন করে দেশটির সরকার। শেখ হাসিনার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। এসব বৈঠকে ভারতের এই মনোভাবের কথা তাঁকে জানানো হয়েছিল। দুই পক্ষ এ বিষয়ে একমত হওয়ার পরই শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা প্রকাশ্যে ঘোষণা করেছেন বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রত্যর্পণের অনুরোধ ঝুলিয়ে রাখা হচ্ছে কেন?

শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার জন্য ২০২৪ সালের ডিসেম্বরেই ‘নোট ভার্বাল’ বা কূটনৈতিক বার্তার মাধ্যমে ভারতকে অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ সরকার। এরপর একাধিকবার একই বিষয়ে তাগাদা দেওয়া হয়েছে।

কিন্তু ভারত এখন পর্যন্ত বাংলাদেশের ওই অনুরোধের বিষয়ে কোনো সাড়া দেয়নি। সম্মতি বা অসম্মতি—কোনোটিই জানায়নি দেশটি। ভারত যদি সত্যিই শেখ হাসিনার বাংলাদেশে ফেরা চায়, তাহলে প্রত্যর্পণের অনুরোধ মেনে নিতে তাদের আপত্তি কোথায়—এমন প্রশ্নও উঠেছে।

এর উত্তরে ভারতের পর্যবেক্ষকেরা বলছেন, শেখ হাসিনা ভারতের দীর্ঘদিনের আস্থাভাজন ও পরীক্ষিত বিদেশি বন্ধু। তাঁকে এভাবে বন্দি হিসেবে বাংলাদেশের বিমানে তুলে দেওয়ার প্রশ্নই ওঠে না।

বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, অতীতে ‘হাতকড়া পড়িয়েও’ বিদেশ থেকে বন্দিদের ফেরত পাঠানোর নজির রয়েছে। তবে শেখ হাসিনার ক্ষেত্রে ভারত এমন কিছু করবে, তা কল্পনারও অতীত।

এমন পদক্ষেপ নিলে বিদেশে ভারতের মিত্র রাজনীতিকদের কাছে ভুল বার্তা যাবে। নেপাল, শ্রীলঙ্কা কিংবা মালদ্বীপের কোনো নেতাই তখন ভারতকে আর ভরসা করতে পারবেন না।

এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা যখন ভারতে পৌঁছান, তখন তিনি আদালতে দণ্ডিত অপরাধী ছিলেন না; ছিলেন প্রতিবেশী দেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী। ভারতের চোখে তাঁর সেই ‘স্ট্যাটাসে’ কোনো পরিবর্তন হয়নি।

ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তিতে এমন কিছু আইনি ফাঁকফোকর রয়েছে, যেগুলো কাজে লাগিয়ে কোনো অনুরোধ দিনের পর দিন ঝুলিয়ে রাখা সম্ভব। বাংলাদেশের অনুরোধের ক্ষেত্রেও ভারত তেমনটাই করছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

কোন শর্তে শেখ হাসিনা ফিরতে পারেন?

দিল্লির সরকারি কর্মকর্তারা বিবিসিকে আভাস দিয়েছেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ক্ষেত্রে ভারতের প্রধান শর্ত মূলত দুটি।

প্রথমত, শেখ হাসিনা ভারতে এসেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক উড়োজাহাজে। তাঁকে ফিরিয়ে নিতে হলেও একইভাবে বাংলাদেশ সেনাবাহিনীকেই দায়িত্ব নিতে হবে।

এই প্রক্রিয়া আকাশপথে কিংবা স্থলপথে হতে পারে। অর্থাৎ, বাংলাদেশ সামরিক উড়োজাহাজ পাঠিয়ে দিল্লি থেকে তাঁকে নিয়ে যেতে পারে। আবার স্থলসীমান্তের কোনো নির্দিষ্ট স্থানেও বাংলাদেশের সেনাবাহিনী তাঁকে গ্রহণ করতে পারে। এ জন্য দিল্লির পক্ষ থেকে প্রয়োজনীয় ‘লজিস্টিক্যাল’ প্রস্তুতি বা আয়োজন করতেও ভারত প্রস্তুত রয়েছে।

দ্বিতীয় শর্ত হলো, শেখ হাসিনা যেন তাঁর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তাঁর বিচার নতুন করে শুরু হয়—বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে।

তবে বাংলাদেশের নিজস্ব বিচারব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে যেন এই দাবি বিবেচিত না হয়, সে বিষয়ে ভারত অত্যন্ত সতর্ক থাকতে চাইছে। এ কারণে প্রকাশ্যে এ নিয়ে কোনো মন্তব্যও করছে না দেশটি।

দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার ভাষ্য, ‘আমরা কখনোই জেনেবুঝে তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে দিতে পারি না।’ বরং শেখ হাসিনা যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটিই নিশ্চিত করতে চাইবে ভারত।

ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, বিচারপ্রক্রিয়া যাতে আন্তর্জাতিক বিশ্ব ও বৈশ্বিক গণমাধ্যমের নজরদারিতে হয়, সেটিও নিশ্চিত করতে চাইবে দিল্লি।

এই দুটি শর্ত পূরণ করে শেখ হাসিনার দেশে ফেরার পথ সুগম করার লক্ষ্যে কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনা চালাচ্ছে ভারত।

দুই দেশের সেনাবাহিনীর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ?

অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী কিছুটা আকস্মিকভাবে এক অনির্ধারিত সফরে দিল্লি যান। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পাশাপাশি সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গেও বৈঠক করেন তিনি।

এ বিষয়ে ভারতের একটি শীর্ষ সামরিক সূত্র তখন বিবিসিকে বলেছিল, ‘বাংলাদেশে আমাদের হাই কমিশনারের দিল্লিতে এসে আর্মি চিফের সঙ্গে দেখা করার এমনিতে কোনও কারণই নেই, যদি না বিশেষ কোনো পরিস্থিতিতে বিশেষ কোনো কারণ থাকে।’

ওই সূত্রের ইঙ্গিত ছিল, শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে সেনাবাহিনীর একটি সক্রিয় ভূমিকা নিশ্চিত করতেই এই বৈঠক হয়েছিল।

গত দুই থেকে আড়াই বছরে ঢাকা ও দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্কে নানা টানাপোড়েন থাকলেও দুই দেশের সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রয়েছে। সেই যোগাযোগে কখনো ছেদ পড়েনি।

ভারতের আগের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে এবং তাঁর পূর্বসূরিরাও একাধিকবার প্রকাশ্যে জানিয়েছেন, ২০২৪ সালের জুলাইয়ের আগে থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে তাঁদের প্রতি সপ্তাহে কথা হয়েছে এবং এখনো হচ্ছে।

দুই সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান এই স্বাভাবিক সম্পর্ক শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রেও কাজে লাগানো হোক—ভারত মূলত সেটিই চাইছে বলে ওই সামরিক সূত্র ইঙ্গিত দিয়েছিল।

সূত্রটি তখন আরও বলেছিল, দেশে ফিরে গেলে শেখ হাসিনার সুরক্ষা ও নিরাপত্তা যেন ঝুঁকির মুখে না পড়ে, সেটিও ভারত নিশ্চিত করতে চাইবে। কারণ, পরিস্থিতি যা-ই হোক, এই দায়িত্ব এখন ভারতের কাঁধেই এসে পড়েছে।

এ কারণে বাংলাদেশে ফেরার পর শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্ব দেশটির সেনাবাহিনী নিক—এটিও ভারতের প্রত্যাশা বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা কি সম্ভব?

ডিসেম্বরে শেখ হাসিনা আদৌ দেশে ফিরতে পারবেন কি না, সে প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া এখনই কঠিন বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এতে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে প্রধান বাধা অন্য জায়গায় বলে মনে করছে ভারত।

দিল্লির স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বিবিসির প্রতিবেদককে জানিয়েছেন, তাঁদের ধারণা, মুখে বাংলাদেশ যতই শেখ হাসিনাকে ফেরত চাইুক না কেন, বাস্তবে ঢাকা মোটেই চায় না সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরুন।

জ্বালানি খাতের সংকট থেকে শুরু করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ—বাংলাদেশ সরকার এমনিতেই নানা সমস্যায় রয়েছে। এ পরিস্থিতিতে শেখ হাসিনা দেশে ফিরলে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে তাদের আশঙ্কা। কর্মকর্তারা বলেছেন, তাঁদের কাছে পরিস্থিতি এমনই মনে হচ্ছে।

এর বাইরে শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আগে উল্লেখ করা শর্তগুলোও রয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এই জটিল সমীকরণের সব বিষয় আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে মিলে যাবে—এমন সম্ভাবনা খুবই কম।

তাই অচিরেই ঘটনাপ্রবাহ নাটকীয় মোড় না নিলে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছেন দিল্লির বেশির ভাগ পর্যবেক্ষক।

শেখ হাসিনার ফেরার ঘোষণায় ভারতের লাভ-ক্ষতি কী?

বাস্তবতা হলো, ভারত যেভাবে চাইছে, সেভাবে শেখ হাসিনাকে দেশে ফেরানো কঠিন—এটি দিল্লি প্রথম থেকেই জানত। তারপরও শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, আর তা দিল্লির সম্মতি নিয়েই করেছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

এর পেছনে কারণ হলো, শেখ হাসিনা শেষ পর্যন্ত এখন দেশে ফিরতে না পারলেও ভারতের তেমন কিছু হারানোর নেই বলে মনে করছে দিল্লি।

দিল্লির সাউথ ব্লকের এক কর্মকর্তা বিবিসিকে বলেছেন, ‘আমরা এটুকু তো তখন বলতেই পারব, শেখ হাসিনা নিজে থেকে ফিরতেই চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশ নানা অজুহাত দিয়েছে বলেই সেটা সম্ভব হয়নি।’

অন্যদিকে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরাও অনেকটা উজ্জীবিত বোধ করছেন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের প্রত্যাবর্তন চায় ভারত। ফলে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে এর একটি ইতিবাচক দিক হিসেবে দেখছে দিল্লি।

চলতি বছরের ৩১ ডিসেম্বর শেখ হাসিনা কোথায় থাকবেন, তা এখনই বলা কঠিন। তবে শেষ পর্যন্ত তিনি ভারতের মাটিতেই থেকে গেলে তাঁর সেখানে অবস্থানের যৌক্তিকতা তুলে ধরার জন্য দিল্লির হাতে বাড়তি যুক্তি থাকবে বলে মনে করছে দেশটি।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত