×

ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

শুরুটা দুর্দান্ত, শেষ বিকেলে লিটনের ফিফটিতে লড়াইয়ে বাংলাদেশ

২০২৬ অক্টোবর ০৯ ২০:২৪:৫২

শুরুটা দুর্দান্ত, শেষ বিকেলে লিটনের ফিফটিতে লড়াইয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন ব্যাট হাতে উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে বাংলাদেশের। দুই ওপেনারের দারুণ ব্যাটিংয়ে বড় সংগ্রহের ভিত তৈরি হলেও পরবর্তী সময়ে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে দল। শেষ বিকেলে লিটন দাসের অর্ধশতক ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে সফরকারীরা। তবে দিন শেষে পুরোপুরি স্বস্তিতে নেই বাংলাদেশ। আবুধাবিতে প্রথম দিনের খেলা শেষে ৮৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান করেছে দলটি।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলামের উদ্বোধনী জুটিতে আসে ১২৪ রান। আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ৭১ বলে ৮৩ রানের ইনিংস খেলেন তানজিদ। ছয়টি ছক্কা ও আটটি চার ছিল তাঁর ইনিংসে। সেঞ্চুরির সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত তা পূরণ করতে পারেননি এই ওপেনার। ইসমত আলমের বলে উইকেটকিপার ইকরাম আলিখিলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

অন্য প্রান্তে ধীরস্থির ব্যাটিংয়ে অর্ধশতক পূর্ণ করেন সাদমান। তবে তিনিও ইনিংস বড় করতে ব্যর্থ হন। ১১১ বলে সাতটি চারের সাহায্যে ৬৭ রান করে মোহাম্মদ সালিমের বলে জিয়াউর রহমানের দুর্দান্ত ক্যাচে পরিণত হন এই ব্যাটার। এরপর মুমিনুল হকের সঙ্গে ৬০ রানের জুটি গড়েন তিনি। এ সময় বাংলাদেশের রান তোলার গতি কিছুটা কমে যায়।

৭০ বলে ৩৯ রান করে ইয়ামিন আহমদজাইয়ের বলে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল। এরপর দ্রুতই উইকেট হারায় বাংলাদেশ। কোনো রান না করেই আউট হন মুশফিকুর রহিম। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে ২৯ রান। ২০০ রান অতিক্রম করার পর মাত্র চার রানের ব্যবধানে তিনটি উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটি।

এই পরিস্থিতিতে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে দুজনের মধ্যে গড়ে ওঠে পঞ্চাশোর্ধ্ব রানের জুটি। ২৪ রান করে ইসমাতের বলে বোল্ড হলে মিরাজের ইনিংস থামে। এরপর ৮৭ বলে অর্ধশতক পূর্ণ করেন উইকেটকিপার-ব্যাটার লিটন। শেষ পর্যন্ত মোহাম্মদ সালিমের বলে ক্যাচ দিয়ে ফেরার আগে তাঁর সংগ্রহ দাঁড়ায় ৫৩ রান। লিটনের বিদায়ের পর সাফির বলে বোল্ড হয়ে যান হাসান মাহমুদও।

প্রথম দিনের খেলা শেষে নাঈম হাসান ১১ ও তাইজুল ইসলাম ৪ রান নিয়ে অপরাজিত রয়েছেন। আফগানিস্তানের হয়ে মোহাম্মদ সালিম ৩ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ে চাপ সৃষ্টি করেছেন। দ্বিতীয় দিনের সকালে নাঈম ও তাইজুলের ব্যাটে দলের সংগ্রহ আরও বাড়ানোর লক্ষ্য থাকবে বাংলাদেশের।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত