×

ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

ছক্কার খরা কাটিয়ে আইএলটি-টোয়েন্টিতে বাবরের রেকর্ড

২০২৬ নভেম্বর ২৪ ১৫:০০:১৮

ছক্কার খরা কাটিয়ে আইএলটি-টোয়েন্টিতে বাবরের রেকর্ড

স্পোর্টস ডেস্ক:টি-টোয়েন্টি ক্রিকেটে রান পেলেও ব্যাট থেকে ছক্কা আসছিল না বাবর আজমের। টানা ১২ ম্যাচ ছক্কাহীন থাকার পর অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়েছেন পাকিস্তানের এই ব্যাটার। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি-টোয়েন্টি) অভিষেক ম্যাচেই দুটি ছক্কা হাঁকানোর পাশাপাশি গড়েছেন টুর্নামেন্টের নতুন রেকর্ড।

সোমবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে ৫১ বলে ৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাবর। তাঁর ইনিংসে ছিল ১৩টি চার ও দুটি ছক্কা। এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি। এক ইনিংসে ১৩টি চার মেরে আইএলটি-টোয়েন্টিতে সর্বোচ্চ বাউন্ডারির নতুন রেকর্ড গড়েছেন বাবর।

এর আগে ২০২৪ সালে এক ইনিংসে ১১টি চার মেরে রেকর্ডটি গড়েছিলেন আলিশান শারাফু। সোমবার প্রথম ইনিংসে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে সেই রেকর্ড স্পর্শ করেন পল ওয়াল্টার। তবে কয়েক ঘণ্টার ব্যবধানে দুজনকেই ছাড়িয়ে যান বাবর।

শারজাহ ওয়ারিয়র্সের ঘরের মাঠেও বাবরকে ঘিরে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ম্যাচের দুই ইনিংসেই গ্যালারি থেকে তাঁর নাম ধরে স্লোগান শোনা গেছে। দর্শকদের এই সমর্থন মাঠে তাঁর জনপ্রিয়তারই প্রমাণ দিয়েছে।

বাবরের দুটি ছক্কা ছিল আরও তাৎপর্যপূর্ণ। এর আগে টানা ১২ ম্যাচে কোনো ছক্কা মারতে পারেননি তিনি। সর্বশেষ ছক্কাটি এসেছিল ইংল্যান্ড সফরে পাকিস্তানের তৃতীয় টেস্টে, যা অনুষ্ঠিত হয়েছিল গত ৯ থেকে ১৩ সেপ্টেম্বর। এরপর পাকিস্তান জাতীয় দল ও নিজের ঘরোয়া দল অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের হয়ে ৩৩৮ রান করলেও ছক্কা মারতে পারেননি এই ব্যাটার।

অভিষেক ম্যাচেই সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন বাবর। তবে ৮৬ রানেই থামে তাঁর ইনিংস। অ্যাডাম মিলনের বলে বড় শট খেলতে গিয়ে টাইমিংয়ে ভুল করেন তিনি। পল ওয়াল্টার ক্যাচটি নেন।

ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৬৬ রানে অলআউট হয় শারজাহ ওয়ারিয়র্স। শুরুতে ভালো অবস্থানে থাকলেও শেষ দিকে ভাইপার্সের বোলারদের চাপে পড়ে দলটি।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন বাবর। মাত্র ৩১ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। দশম ওভারে আসে তাঁর ফিফটি। এরপর তৃতীয় উইকেটে ক্লার্কের সঙ্গে ৮২ রানের জুটি গড়ে ডেজার্ট ভাইপার্সের জয়ের পথ সহজ করে দেন তিনি।

শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৭ রান করে ডেজার্ট ভাইপার্স। ১৫ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় দলটি। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে এমআই এমিরেটসের কাছে হেরেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। এই জয়ের মধ্য দিয়ে সেই হারও পেছনে ফেলল তারা।

সিজন ফাইভের নিলামে ৮০ হাজার ডলারের ভিত্তিমূল্যে বাবরকে দলে নিয়েছিল ডেজার্ট ভাইপার্স। টুর্নামেন্টে নিজেদের পরবর্তী ম্যাচে ২৫ নভেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুবাই ক্যাপিটালসের মুখোমুখি হবে দলটি।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত