ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
ডেঙ্গুতে খাবারের তালিকায় যা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের
ডুয়া ডেস্ক: দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে এ রোগে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকতে চিকিৎসকেরা এডিস মশার কামড় এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন। তবে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ মেনে চলার পাশাপাশি রক্তের হিমোগ্লোবিন ও প্লাটিলেট কাউন্ট বাড়াতে নির্দিষ্ট খাদ্যতালিকা অনুসরণ করাও জরুরি।
বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গুর শুরুর দিকে শক্ত খাবারের বদলে তরল খাবার বেশি উপযোগী। অল্প অল্প করে তরল খাবার গ্রহণ করলে শরীরের পানিশূন্যতা পূরণের পাশাপাশি তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সহায়তা করে। এ সময় পানি, ডাবের পানি, ওরস্যালাইন, ফলের জুস, স্যুপ ও শরবত বেশি খাওয়ানোর পরামর্শ দিয়েছেন তাঁরা।
ডেঙ্গু ‘ডিইএনভি’ ভাইরাসজনিত একটি মশাবাহিত রোগ। আক্রান্ত হওয়ার ৩ থেকে ১৪ দিনের মধ্যে সাধারণত এর উপসর্গ দেখা দেয়। তীব্র জ্বর, মাথাব্যথা, বমি, মাংসপেশিতে ব্যথা এবং হাড়ের সংযোগস্থলে ব্যথা এর অন্যতম উপসর্গ। কখনো ত্বকে র্যাশও হতে পারে। এ সময়ে পুষ্টিকর খাবার ও প্রয়োজনীয় ভিটামিন গ্রহণের মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখা জরুরি।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল কাদের বলেন, ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে তরল খাবারের পাশাপাশি পুষ্টিকর খাবারও দিতে হবে। এ রোগে পানিশূন্যতা, দুর্বলতা ও ক্লান্তির পাশাপাশি রক্তে প্লাটিলেটের পরিমাণ কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এ কারণে খাবারের তালিকায় প্রোটিনসমৃদ্ধ খাবার রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
ডা. মো. আব্দুল কাদের বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত রোগীকে পানি, ডাবের পানি, ওরস্যালাইন ও ফলের জুস বেশি বেশি খাওয়াতে হবে। এছাড়াও চিকেন স্যুপ, বাদাম, পুডিং খুব উপকারী ও সহজপাচ্য খাবার। জ্বরে আক্রান্ত রোগী যেহেতু ভারী খাবার খেতে পারে না, তাই পুষ্টিকর হালকা খাবার একটু পরপর গ্রহণ করলে শরীরের পর্যাপ্ত পুষ্টি সরবরাহ হয়। খাবারে স্বাদ বাড়ানোর জন্য লেবুর রস ব্যবহার করা যেতে পারে।’
প্লাটিলেটের মাত্রা ঠিক রাখতে ব্রোকলি ও পালং শাক খাওয়ার পরামর্শ দিয়েছেন ডা. আব্দুল কাদের। তিনি বলেন, ‘ব্রোকলি, পালং শাক আয়রন, ভিটামিন কে, পটাসিয়াম এবং ফাইটোনিউট্রিয়েন্টের একটি সমৃদ্ধ উৎস, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই খাবারটি প্লাটিলেট বাড়ানোর একটি কার্যকর উপায়।’
একই সঙ্গে ডেঙ্গু আক্রান্ত অবস্থায় প্রক্রিয়াজাত খাবারের পাশাপাশি তৈলাক্ত, মশলাদার ও ভাজা খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি।
ডেঙ্গুর চিকিৎসা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হাসান হাফিজুর রহমান বলেন, ‘ডেঙ্গু জ্বরে শরীরের তাপমাত্রা ১০২ থেকে ১০৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে।’
তাঁর পরামর্শ, এ সময় মাথায় পানি দেওয়া ও শরীর মুছে জ্বর কমানোর চেষ্টা করতে হবে। পাশাপাশি ছয় থেকে আট ঘণ্টা পরপর জ্বরের তীব্রতা বুঝে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়াতে হবে। ডেঙ্গু জ্বরের মূল চিকিৎসায় শরীরে পর্যাপ্ত পানির ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। পানি ছাড়াও ফলের রস, স্যুপ, ওরস্যালাইন, ডাবের পানি ও শরবত খাওয়ানোর পরামর্শ দিয়েছেন।
ডেঙ্গু রোগীকে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়ে ডা. হাসান হাফিজুর রহমান বলেন, ‘ভাইরাল ফিভারের মূল ওষুধই হলো বিশ্রাম। কারণ বিশ্রাম আপনার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে রোগের বিরুদ্ধে পরিপূর্ণ তৎপর হওয়ার সুযোগ করে দেবে। তবে খেয়াল রাখবেন বিশ্রামের সময়টুকু যেন সোশ্যাল মিডিয়া, অনলাইন গেম কিংবা অহেতুক নেট ব্রাউজ না করা হয়।’
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ৫ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮ হাজার ৩৬০ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ২৭১ জনের। মৃতদের মধ্যে পুরুষ ১২৮ জন এবং নারী ১৩৯ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৬২ দশমিক ৩ শতাংশ এবং নারী ৩৭ দশমিক ৭ শতাংশ।
চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ১২৩ জন। এ ছাড়া বরিশাল বিভাগে ২২ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, খুলনা বিভাগে ৫২ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ২ জন মারা গেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এনএসইউ, নেই ঢাবি-বুয়েট
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- বেসরকারি মাদ্রাসার শিক্ষকদের সেপ্টেম্বরের বেতন-ভাতার চেক ছাড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য আলাদা প্রজ্ঞাপন লাগবে না