ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

২০২৬ ফেব্রুয়ারি ১৯ ১৯:০১:৫৬

বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: দেশের ৪ লাখেরও বেশি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, সরকারি কর্মকর্তাদের মতো বেসরকারি শিক্ষকরাও যাতে মূল বেতনের শতভাগ উৎসব ভাতা পান, নতুন সরকার সেই লক্ষ্য নিয়েই কাজ করছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই ইতিবাচক ইঙ্গিত দেন।

বর্তমানে বেসরকারি শিক্ষকরা মূল বেতনের মাত্র ৫০ শতাংশ উৎসব ভাতা পেয়ে থাকেন। এই বৈষম্য ঘোচানোর বিষয়ে মন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে তিনি স্পষ্ট করে বলেন, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের উৎসব ভাতার বিষয়টি আমি অবগত। এবার (এই সরকারের আমলে) এটা হয়ে যাবে। আমরা বিষয়গুলো কাজ করছি।’ তাঁর এই বক্তব্যে শিক্ষা অঙ্গনে বড় ধরনের আশার আলো সঞ্চার হয়েছে।

উৎসব ভাতার পাশাপাশি নতুন করে প্রতিষ্ঠান এমপিওভুক্তি এবং সেখানে হওয়া দুর্নীতির বিষয়েও জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন মন্ত্রী। তিনি বলেন, ‘নির্বাচনের আগে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য যেসব আবেদন পড়েছে সেগুলো যাচাই-বাছাই করে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সরকার সিদ্ধান্ত নিবে। কোনো ধরণের অনিয়ম, ঘুষ বাণিজ্য হয়েছে কিনা আমরা সেসব বিষয় খতিয়ে দেখব।’ স্বচ্ছতা বজায় রেখে প্রকৃত যোগ্য প্রতিষ্ঠানগুলোকেই সরকার অগ্রাধিকার দেবে বলে তিনি জানান।

শিক্ষকদের দীর্ঘদিনের আরেক সমস্যা ‘বদলি’ ব্যবস্থা নিয়েও কথা বলেছেন শিক্ষামন্ত্রী। তিনি আশ্বাস দেন যে, দ্রুততম সময়ের মধ্যে এই প্রক্রিয়াটি শুরু করা হবে। তাঁর ভাষ্যমতে, ‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়াটি যত তাড়াতাড়ি সম্ভব চালু করা হবে। না হওয়া পর্যন্ত আমাদের সিস্টেমে যদি কোনো ত্রুটি থেকে থাকে, সেটাও খতিয়ে দেখা হবে।’

বেতন প্রাপ্তিতে প্রায়শই ঘটে যাওয়া দীর্ঘসূত্রতা নিয়েও কঠোর অবস্থানে নতুন মন্ত্রী। তিনি বলেন, ‘শিক্ষকদের বেতন দেরিতে হলে বিষয়টি পর্যবেক্ষণ করা হবে এবং তা ত্বরান্বিত করার ব্যবস্থা নেওয়া হবে। দেওয়ার ব্যবস্থা ছিল কেন হলো না, কোনো মাসে যদি বিশেষ কোনো কারণ থেকে থাকে, সেটিও আমরা খতিয়ে দেখব।’ মূলত শিক্ষকদের আর্থিক ও পেশাগত মর্যাদা বৃদ্ধিই হবে তাঁর মেয়াদের অন্যতম প্রধান কাজ।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত