ঢাকা, শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২
কুমিল্লা-৪ এ বিএনপি শূন্য মাঠে হাসনাতের বড় প্রতিদ্বন্দ্বী ট্রাক
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কুমিল্লা-৪ আসনে এবার দৃশ্যপট বদলে গেছে। আইনি জটিলতায় বিএনপির প্রার্থী মাঠের বাইরে চলে যাওয়ায় দেবিদ্বারের ভোটের সমীকরণ নতুন মোড় নিয়েছে। এতে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ, তবে বিএনপির সমর্থন পাওয়া ট্রাক প্রতীকের প্রার্থী মো. জসিম উদ্দিন হঠাৎ করেই হয়ে উঠেছেন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।
দেবিদ্বার উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৪ আসন গোমতী নদীর তীরে ও কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত। ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত টানা বিএনপির দখলে থাকলেও পরে এই আসন আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের হাতে যায়।
এবার বিএনপির পক্ষে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব হচ্ছে না। দলটির টিকিটে চারবারের সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপির অভিযোগে মনোনয়ন বাতিল হওয়ায় নির্বাচনের বাইরে চলে যান। তার আপিলও খারিজ হওয়ায় বিএনপি এ আসনে প্রার্থীশূন্য হয়ে পড়ে।
এই পরিস্থিতিতে এনসিপি মনোনীত এবং জামায়াতসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত প্রার্থী হাসনাত আবদুল্লাহকে অনেকটাই এগিয়ে মনে করা হচ্ছে। তবে তাকে চ্যালেঞ্জ জানাতে মাঠে আছেন গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জসিম উদ্দিন (ট্রাক প্রতীক), যাকে সমর্থন দিচ্ছেন স্বয়ং মঞ্জুরুলসহ বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে গুনাইঘরে নিজ বাসভবনের ‘শহীদ জিয়া অডিটোরিয়ামে’ এক বৈঠকে মঞ্জুরুল আনুষ্ঠানিকভাবে জসিমকে সমর্থনের ঘোষণা দেন। সেখানে নেতাকর্মীদের ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামার আহ্বান জানানো হয়। পরদিন থেকে স্থানীয় বিএনপির নেতারা জসিমের পক্ষে প্রচারণায় সক্রিয় হন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) মঞ্জুরুল নিজেও ট্রাক প্রতীকের পক্ষে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় অংশ নেন। তার সঙ্গে জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সীসহ বিভিন্ন স্তরের নেতারা কর্মপরিকল্পনা ঠিক করেন।
সরেজমিনে জাফরগঞ্জ, বারেরা, ফুলগাছতলা ও পৌর এলাকার নিউ মার্কেট-পান্নারপুল ঘুরে দেখা গেছে, ব্যানার-ফেস্টুনে তুলনামূলকভাবে এগিয়ে আছেন হাসনাত আবদুল্লাহ। কিছু এলাকায় ইসলামী আন্দোলনসহ অন্যান্য দলের প্রচারণাও চোখে পড়েছে।
স্থানীয়দের মতে, গণঅধিকারের প্রার্থী জসিমের সাংগঠনিক শক্তি ও অর্থনৈতিক সক্ষমতা সীমিত। তবে বিএনপির সমর্থন পাওয়ায় ভোটের সমীকরণ বদলাতে পারে। প্রশ্ন হচ্ছে—বিএনপি কতটা কার্যকরভাবে তাকে এগিয়ে নিতে পারবে।
দেবিদ্বার জিরো পয়েন্টে রেস্তোরাঁকর্মী ইব্রাহিম বলেন, এবারের নির্বাচনে আগের মতো বড় দলগুলোর উপস্থিতি নেই। তিনি জানান, কেন্দ্রে গেলে ব্যক্তিগতভাবে হাসনাতকেই ভোট দেবেন, কারণ তাকে ভালো মানুষ মনে করেন এবং উন্নয়নের আশা করেন।
পৌর এলাকার বাসিন্দা হানিফ সরকার বলেন, দেবিদ্বারে এবার হাসনাতই জয়ী হবেন বলে তিনি আশাবাদী। তবে তিনি মাদক, চাঁদাবাজি ও নানা সামাজিক সমস্যার কথাও তুলে ধরেন।
আরেক বাসিন্দা আরিফুল ইসলাম জানান, এলাকার বড় সমস্যা যানজট, নাজুক সড়কব্যবস্থা, মাদক ও কিশোর গ্যাং। পাশাপাশি গোমতী নদী থেকে মাটি চুরিতে বাঁধ ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব সমস্যার সমাধান চান তারা।
কুমিল্লা-৪ আসনে মোট ভোটার ৪ লাখ ৪৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৮৪৮ জন, নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬০৩ জন এবং পোস্টাল ভোটার ১০ হাজার ১০৫ জন। মোট ভোটকেন্দ্র ১১৬টি, যার মধ্যে পুলিশের তালিকায় ঝুঁকিপূর্ণ ৭০টি কেন্দ্র।
এই আসনে মোট পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন এনসিপির হাসনাত আবদুল্লাহ, গণঅধিকার পরিষদের মো. জসিম উদ্দিন, খেলাফত মজলিসের মোহাম্মদ মজিবুর রহমান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের আরফানুল হক সরকার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুর করিম।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ইপিএস প্রকাশ করেছে মাগুরা মাল্টিপ্লেক্স
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- ১০০ টাকা প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, জেনে নিন বিজয়ী নম্বরগুলো
- জুলাই শহীদের বোনের দেওয়া উপহারে অশ্রুসিক্ত মির্জা ফখরুল
- কে এই কু'খ্যাত জেফ্রি এপস্টেইন?
- টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: জেনে নিন সরাসরি দেখার উপায়
- এভারকেয়ারে বিশেষ ছাড়ে চিকিৎসা পাবেন ঢাবি অ্যালামনাই সদস্যরা
- ঢাবির 'বি' ইউনিটের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, পরিবর্তন ৮ জনের