ঢাকা, শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

সংঘর্ষের পর, থমথমে শাহবাগে বাড়তি নিরাপত্তা

২০২৬ ফেব্রুয়ারি ০৭ ১১:০৮:৪১

সংঘর্ষের পর, থমথমে শাহবাগে বাড়তি নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের একদিন পর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় কার্যত স্থবির পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার সকাল থেকে শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় সেখানে থমথমে পরিবেশ বিরাজ করছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে এসব এলাকা সরেজমিনে ঘুরে দেখা গেছে, অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সাধারণ সময়ের তুলনায় মানুষের চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং যাত্রীদের বড় একটি অংশ বিকল্প সড়ক ব্যবহার করছেন।

পুলিশি উপস্থিতির পাশাপাশি বিভিন্ন স্থানে প্রস্তুত রাখা হয়েছে সারি সারি জলকামান। যদিও শাহবাগ মোড়, কাকরাইল কিংবা হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন এলাকায় দৃশ্যমান কোনো ব্যারিকেড বসানো হয়নি।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই ওই সড়কে যানবাহনের সংখ্যা কম এবং পথচারীদের উপস্থিতিও তুলনামূলকভাবে কম ছিল। ফলে পুরো এলাকায় এক ধরনের চাপা আতঙ্ক ও নীরবতা লক্ষ্য করা যায়।

বাংলামোটরমুখী পথচারী আব্দুর রাজ্জাক বলেন, গতকালের সংঘর্ষের পর এই রাস্তায় চলাচল করতে ভয় লাগছে। বিকল্প পথে গেলে অনেক ঘুরতে হয়, তাই ঝুঁকি নিয়েই শাহবাগ দিয়ে যাচ্ছি।

উল্লেখ্য, শুক্রবার জাতিসংঘের অধীনে ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্তের দাবিতে যমুনা অভিমুখে কর্মসূচি দেয় সংগঠনটি। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পুলিশ প্রথমে জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিপেটা করা হয়। এ সময় আন্দোলনকারীরাও পুলিশের দিকে বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করেন। সংঘর্ষে ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ বেশ কয়েকজন আহত হন।

এ বিষয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনা ঘেরাওয়ের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দেয়।

এদিকে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ শতাধিক আন্দোলনকারী আহত হওয়ার ঘটনায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন। একই ঘটনায় নিন্দা জানিয়েছে আমার বাংলাদেশ (এবি পার্টি)।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত