ঢাকা, শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২
‘সুপরিকল্পিতভাবে ভোট কারচুপির প্রস্তুতি নিচ্ছে একটি দল’
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি রাজনৈতিক দল সুপরিকল্পিতভাবে ভোট কারচুপির প্রস্তুতি নিচ্ছে বলে গুরুতর অভিযোগ তুলেছে বিএনপি। দলটির দাবি, সিল জালিয়াতি থেকে শুরু করে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে নানা অপকৌশল গ্রহণ করা হচ্ছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
তিনি বলেন, লক্ষ্মীপুরে ভোটে ব্যবহারের জন্য অবৈধ ছয়টি সিল উদ্ধারের ঘটনাই প্রমাণ করে একটি দল পরিকল্পিত ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর পথে এগোচ্ছে। এ ঘটনায় গ্রেফতার হওয়া একটি প্রিন্টিং প্রেসের মালিক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছেন, জামায়াতে ইসলামীর একজন নেতার নির্দেশেই এসব সিল তৈরি করা হয়েছিল।
মাহদী আমিন আরও জানান, তদন্তে ওই প্রেস মালিকের হোয়াটসঅ্যাপে পাওয়া অর্ডার সংক্রান্ত তথ্য, জব্দকৃত আলামত এবং সংশ্লিষ্ট প্রার্থীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের প্রমাণ মিলেছে। এসব তথ্য নির্বাচনকে প্রভাবিত করার একটি সুস্পষ্ট ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। এ ঘটনায় জড়িত সব ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বিএনপি বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছে যে, ধর্মীয় আবরণকে ব্যবহার করে জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুলসংখ্যক বোরখা ও নিকাব প্রস্তুত করা হয়েছে। এসব ঘটনার প্রেক্ষাপটে জাল ভোটের আশঙ্কা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন মাহদী আমিন।
নির্বাচন কমিশনের প্রতি জোরালো আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি ভোটকেন্দ্রের নারী বুথে অবশ্যই পর্যাপ্ত নারী পোলিং অফিসার নিয়োগ নিশ্চিত করতে হবে। আইন ও বিধিমালা অনুযায়ী ভোটার শনাক্তকরণের সময় নারী ভোটারদের মুখমণ্ডল উন্মুক্ত করে পরিচয় যাচাই কার্যকর করতে হবে। এনআইডি বা হজের ছবি তোলার সময় যেভাবে মুখ খোলা বাধ্যতামূলক, একই নিয়ম ভোটগ্রহণের ক্ষেত্রেও মানতে হবে।
পাশাপাশি তিনি বলেন, ভোটের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে নারী বুথে যথাসম্ভব নারী পোলিং এজেন্ট নিয়োগ দিতে হবে।
মাহদী আমিন অভিযোগ করেন, সংশ্লিষ্ট রাজনৈতিক দলটি এর আগেও বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করেছে। এমনকি অতিরিক্ত ব্যালট ছাপানোর প্রস্তুতির তথ্যও বিএনপির হাতে রয়েছে। তিনি জানান, পুরান ঢাকার সূত্রাপুরে ওই দলের এক নেতার বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী ক্রিকেট খেলার ১৫২টি স্ট্যাম্প উদ্ধার করেছে। তার প্রশ্ন, এসব কি নির্বাচনের সময় সহিংসতা সৃষ্টির প্রস্তুতির অংশ নয়?
সংবাদ সম্মেলনে পর্যবেক্ষক নিয়োগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মাহদী আমিন। তিনি বলেন, নির্বাচনে পর্যবেক্ষকের নামে অনুমোদন পাওয়া কিছু প্রতিষ্ঠানের একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে। উদাহরণ হিসেবে তিনি ‘পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা)’ নামের একটি প্রতিষ্ঠানের কথা উল্লেখ করেন।
তার ভাষ্য অনুযায়ী, মোট ৫৫ হাজার ৪৫৪ জন দেশীয় পর্যবেক্ষকের মধ্যে শুধু পাশারই রয়েছে ১০ হাজার ৫৫৯ জন, অথচ বাস্তবে হবিগঞ্জের একটি গ্রামের একটি কক্ষই তাদের তথাকথিত কার্যালয় এবং লোকবল বলতে মাত্র একজন। বিষয়টি ইতোমধ্যেই গণমাধ্যমে উঠে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।
সবশেষে মাহদী আমিন বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে অবশ্যই ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের প্রতি আবারও আহ্বান জানায় বিএনপি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ইপিএস প্রকাশ করেছে গোল্ডেন সন
- ইপিএস প্রকাশ করেছে মাগুরা মাল্টিপ্লেক্স
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ইপিএস প্রকাশ করেছে আরডি ফুড
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- ১০০ টাকা প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, জেনে নিন বিজয়ী নম্বরগুলো
- জুলাই শহীদের বোনের দেওয়া উপহারে অশ্রুসিক্ত মির্জা ফখরুল
- কে এই কু'খ্যাত জেফ্রি এপস্টেইন?