ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আইজিপির পাসপোর্ট বদল ও নতুন গুঞ্জন
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের সর্বোচ্চ পদে থাকা কর্মকর্তার একটি সিদ্ধান্ত প্রশাসনে নানা আলোচনা তৈরি করেছে। কূটনৈতিক মর্যাদার লাল পাসপোর্ট ফেরত দিয়ে সাধারণ পাসপোর্ট নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন পুলিশ প্রধান (আইজিপি) বাহারুল আলম।
সম্প্রতি তিনি নিজের ব্যবহৃত সরকারি পাসপোর্ট সমর্পণের ইচ্ছা জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠান। বিষয়টি প্রকাশ্যে আসার পর সচিবালয় ও পুলিশ সদর দপ্তরে শুরু হয় নানা জল্পনা-কল্পনা।
আইজিপির চুক্তির মেয়াদ শেষ হতে এখনও প্রায় আট মাস বাকি। এই অবস্থায় নির্বাচন-পূর্ব সময়ে হঠাৎ করে সাধারণ পাসপোর্ট নেওয়ার আবেদন কেন তা নিয়ে প্রশাসনের ভেতরে প্রশ্ন উঠেছে।
এদিকে লাল পাসপোর্ট সমর্পণ ও সাধারণ পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে সম্প্রতি বিধিনিষেধ শিথিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে পুলিশ ভেরিফিকেশন ও দুটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন ছাড়াই সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের সাধারণ পাসপোর্ট নেওয়ার সুযোগ সহজ করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান সরকারের ক্ষেত্রে নিয়ম শিথিল হলেও আগের সরকারের আমলের কূটনৈতিক পাসপোর্টের বিধিনিষেধ বহাল রাখা হয়েছে।
সূত্র জানায়, বাহারুল আলম নিজ উদ্যোগেই কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্ট ইস্যুর আবেদন করেন। এ বিষয়ে অনাপত্তি সনদ (এনওসি) চেয়ে গত ৩ ফেব্রুয়ারি তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে লিখিত আবেদন করেন।
চিঠিতে তিনি উল্লেখ করেন, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ হিসেবে ব্যবহৃত কূটনৈতিক পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্ট গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি বিনীতভাবে অনুরোধ করছেন।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর নৈতিক ও সাংগঠনিক সংকটে পড়া পুলিশ বাহিনীকে সামাল দিতে অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি বাহারুল আলমকে আবার দায়িত্বে ফিরিয়ে আনা হয়। অন্তর্বর্তী সরকার গত বছরের ২১ নভেম্বর তাকে চুক্তিভিত্তিক পুলিশ প্রধান হিসেবে নিয়োগ দেয়।
বর্তমান চুক্তি অনুযায়ী চলতি বছরের ২০ নভেম্বর পর্যন্ত তার দায়িত্বকাল রয়েছে। এর আগে ৭ আগস্ট অতিরিক্ত আইজিপি মইনুল ইসলাম ৩০তম আইজিপি হিসেবে দায়িত্ব নেন এবং বর্তমানে তিনি পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত।
পুলিশের একাধিক কর্মকর্তা মনে করছেন, চুক্তির মেয়াদ বহাল থাকলে বাহারুল আলমের আরও কয়েক মাস দায়িত্বে থাকার কথা। ফলে এত আগে সরকারি পাসপোর্ট সমর্পণের সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করে জানান, নির্বাচনের পরপরই তিনি দেশ ছাড়তে পারেন এমন আলোচনা প্রশাসনের ভেতরে শোনা যাচ্ছে। উল্লেখ্য, নির্বাচন সামনে রেখে একটি রাজনৈতিক দল তার অপসারণের দাবিও তোলে। তবে সরকারের উচ্চপর্যায়ের সমর্থনে নির্বাচন পর্যন্ত তার চুক্তি বহাল রাখার সিদ্ধান্ত হয়। এই প্রেক্ষাপটে আইজিপির পাসপোর্ট বদলের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
এ বিষয়ে মন্তব্য জানতে আইজিপির হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠানো হলে তিনি পাল্টা জিজ্ঞেস করেন, “কি প্রশ্ন উঠেছে?” পরে প্রতিবেদক নির্বাচনের পর দেশ ছাড়ার সম্ভাবনা নিয়ে সরাসরি প্রশ্ন করলেও তিনি আর কোনো উত্তর দেননি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল