ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘১২ তারিখের ভোট ফ্যাসিবাদ কবর দেওয়ার নির্বাচন’
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ১২ তারিখের নির্বাচনকে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের মোড় ঘোরানো মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে ১১-দলীয় ঐক্যজোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, এই ভোট হবে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ থেকে মুক্তির পাশাপাশি নতুন রাষ্ট্রগঠনের নির্বাচন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় যশোর শহরের ভৈরব চত্বরে ১১-দলীয় ঐক্যজোট আয়োজিত নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি ভোটারদের সকাল সাড়ে সাতটা থেকেই ভোটকেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানান। একই সঙ্গে ফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বানও করেন তিনি। তার ভাষায়, ওই দিনই যশোরবাসী নিজেদের বিজয় নিশ্চিত করবে।
হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক গোষ্ঠী দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজির রাজনীতি কায়েম করেছে। তিনি বলেন, ‘তারা মা-বোনদের হিজাব খুলে অপমান করে এবং ভারতের দালালিতে লিপ্ত। বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।’ একই সঙ্গে তিনি তাদের দ্বিমুখী রাজনীতির সমালোচনা করেন।
ব্যবসায়ী সমাজের প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, বর্তমানে ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে রয়েছেন। তিনি নেতাকর্মীদের জনগণের দ্বারে দ্বারে গিয়ে ভোটের গুরুত্ব বোঝানোর আহ্বান জানান। তার ভাষায়, ভোট কোনো প্রার্থীর নয় ভোটের মালিক জনগণ। এমনকি অপরাধপ্রবণ ব্যক্তিরাও সন্তানের সুন্দর ভবিষ্যৎ চান তাদেরও রাজনীতির মূল স্রোতে ফেরাতে হবে।
প্রশাসনের ভূমিকা নিয়েও কড়া সমালোচনা করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, সম্প্রতি প্রশাসনের আচরণ ছিল একটি ‘টেস্ট ম্যাচ’, যেখানে পুরোনো রাজনৈতিক কৌশলে পুলিশ ব্যবহারের চেষ্টা দেখা গেছে। পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনারা জনগণের টাকায় বেতন পান, তাই দায়বদ্ধতা জনগণের প্রতিই হওয়া উচিত।
তিনি আরও বলেন, অতীতে ক্ষমতার দাপটে থাকা অনেক কর্মকর্তাই আজ হারিয়ে গেছেন। জুলাই আন্দোলনের উদাহরণ টেনে তিনি বলেন, গুলি ও দমন-পীড়ন দিয়েও জনগণকে থামানো যায়নি। তাই আর কোনো প্রহসনের নির্বাচন মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, অবৈধ অর্থ ও রাজনৈতিক চাপ থেকে দূরে থাকুন। আজ একদিনের গোলামি ভবিষ্যতের পাঁচ বছরের দাসত্ব ডেকে আনতে পারে। তিনি বলেন, পুলিশকে কোনো দলের নয় বাংলাদেশের পুলিশ হতে হবে।
বিএনপির অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন এনসিপির এই নেতা। তিনি দাবি করেন, ত্যাগী বিএনপি নেতাকর্মীদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং ‘হাইব্রিড নেতৃত্ব’ তাদের কোণঠাসা করছে। তিনি বলেন, ধানের শীষের মিছিল হলেও ভোট পড়বে ১১-দলীয় ঐক্যজোটের বাক্সে এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
স্থানীয় জনগণের উদ্দেশে তিনি বলেন, যারা জমি দখল ও টেন্ডারবাজির সঙ্গে যুক্ত তারাই আজ পরিবর্তনের বিপক্ষে দাঁড়িয়েছে। তাই দাড়িপাল্লা ও শাপলা কলির পক্ষে ঐক্যবদ্ধ ভোট দিয়ে একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর যশোর-৩ আসনের মনোনীত প্রার্থী ভিপি আব্দুল কাদের। এছাড়া বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতা সাকিব শাহরিয়ার। সভা ঘিরে ব্যাপক জনসমাগম দেখা যায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পোশাকধারী ও সাদাপোশাকে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- পে স্কেল নিয়ে ৭ দাবি সরকারি কর্মচারীদের
- প্রথমবারের মতো নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য পেলো কুবি
- শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভিডিও ধারণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ
- ৫৪ জেলায় টিসিবির ডিলার নিয়োগ, আবেদন শুরু ১০ মে
- পে স্কেলের প্রস্তাবিত গ্রেডভিত্তিক বেতন কাঠামো প্রকাশ
- ঢাবিতে প্রথমবারের মতো আন্ডারওয়াটার ফটোগ্রাফি কর্মশালা
- ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক ইসরাফিল
- রবির মুনাফায় আকাশচুম্বী প্রবৃদ্ধি, ব্যাকফুটে শিপিং কর্পোরেশন
- বাংলাদেশিদের স্কলারশিপ দেবে যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটি, আবেদন শুরু
- ঈদকে সামনে রেখে মুনাফা তুলছেন বিনিয়োগকারীরা
- আজ সন্ধ্যায় সাদিক কায়েমের বিয়ে
- পদত্যাগ করলেন ঢাবি শিক্ষক মোনামি
- এমপিও শিক্ষকদের ঈদ বোনাস কবে, যা জানা গেল
- লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার