ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

বিয়ের আগে দুর্ঘটনা: মেসির বোনকে ঘিরে উদ্বেগ

২০২৫ ডিসেম্বর ২৩ ১৬:৪৫:০৭

বিয়ের আগে দুর্ঘটনা: মেসির বোনকে ঘিরে উদ্বেগ

সরকার ফারাবী: ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসির পরিবারের এক দুঃসংবাদ। তার ছোট বোন মারিয়া সোল মেসি যুক্তরাষ্ট্রের মায়ামিতে এক দুর্ঘটনার শিকার হয়েছেন। গাড়ি চালানোর সময় দুর্ঘটনায় পড়লে তার শরীরের কিছু অংশ পুড়ে যায় এবং মেরুদণ্ডের দুটি হাড়ে চিড়, পাশাপাশি গোড়ালি ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে নিজের বিয়ে স্থগিত করতে বাধ্য হয়েছেন মারিয়া।

আর্জেন্টিনার প্রভাবশালী সংবাদমাধ্যম ক্লারিন (Clarín) এই তথ্য নিশ্চিত করেছে। এছাড়া এলএএম-এর সাংবাদিক অ্যাঞ্জেল দে ব্রিতো (Ángel de Brito) এবং মারিয়ার মা সেলিয়া কুচিত্তিনি (Celia Cuccittini) দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মারিয়া বর্তমানে বিপদমুক্ত। তবে পুরোপুরি সুস্থ হতে তাকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

আগামী ৩ জানুয়ারি আর্জেন্টিনার রোজারিওর সান্তা ফের শহরে মারিয়ার বিয়ের আয়োজন ছিল। এই সময়ে লিওনেল মেসিও স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে নিয়ে নিজের জন্মভূমি রোজারিওতে ছুটি কাটাচ্ছিলেন। কিন্তু দুর্ঘটনার পর বিয়ের আয়োজন আপাতত স্থগিত করা হয়েছে।

সেলিয়া কুচিত্তিনি জানান, মারিয়া একটি এসইউভি গাড়ি চালানোর সময় দেয়ালে ধাক্কা খান। এতে তার কব্জির একটি অংশ পুড়ে যায়, মেরুদণ্ডের দুটি হাড়ে চিড় ধরে এবং গোড়ালি ভেঙে যায়।

মারিয়ার হবু বর হুলিয়ান তুলি আরেয়ানো। দীর্ঘ ১২ বছরের সম্পর্ক তাদের। কৈশোর থেকেই রোজারিওর লা বাজাদা এলাকায় তাদের পরিচয় ও প্রেমের শুরু। দুই পরিবারের সম্পর্কও অত্যন্ত ঘনিষ্ঠ।বর্তমানে হুলিয়ান ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৯ দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে রোজারিওতে কোচিং ক্যারিয়ার শুরু করে পরে মায়ামির কোচিং স্টাফে যুক্ত হন। ২০১৭ সালে মেসি ও আন্তোনেলা রোকুজ্জোর বিয়েতেও তাকে দেখা গিয়েছিল।

গণমাধ্যমের আলোচনার বাইরে থাকতে পছন্দ করা মারিয়া সোল মেসি পেশায় একজন ব্যবসায়ী ও ফ্যাশন ডিজাইনার। তিনি মেয়েদের সাঁতারের পোশাক প্রস্তুতকারী ব্র্যান্ড “বিকিনিস রিও (Bikinis Río)”-এর মালিক। রোজারিওতেই তার স্থায়ী বসবাস।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত