×

ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক বিক্ষোভে উসকানির অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

২০২৬ নভেম্বর ২৬ ১৩:১৯:৩৩

শ্রমিক বিক্ষোভে উসকানির অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে তৈরি পোশাকশ্রমিকদের উসকানি দিয়ে বিক্ষোভ, হামলা ও ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতা তছলিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তছলিম মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছিলেন।

গ্রেপ্তার তছলিম চৌধুরী সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ঘনিষ্ঠ সহচর এবং তাঁর অর্থ লেনদেনের দায়িত্বে থাকা ব্যক্তি (ক্যাশিয়ার) হিসেবেও পরিচিত। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, সম্প্রতি মিরপুরের ১০ ও ১১ নম্বর এলাকায় অর্থের বিনিময়ে বহিরাগত লোকজন জড়ো করে তৈরি পোশাকশ্রমিকদের উসকানি দিয়ে হামলা ও ভাঙচুর চালান তছলিম চৌধুরী ও তাঁর শ্যালক। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।

পুলিশ জানায়, যুবলীগের শীর্ষ নেতা মাইনুল হোসেন খান নিখিলের অনুসারী তছলিম দীর্ঘদিন ধরে কামাল মজুমদারের ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময়ও কামাল মজুমদারের সঙ্গে মিরপুরে সক্রিয় ছিলেন তিনি। ছাত্র হত্যার ঘটনায় কামাল মজুমদারের সহযোগী হিসেবেও কাজ করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

ওসি জালাল উদ্দিন জানান, হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কামাল মজুমদার ও তাঁর ছেলে শাহেদ মজুমদার বর্তমানে কারাগারে রয়েছেন। গোয়েন্দা তথ্য অনুযায়ী, তছলিম নিয়মিত কারাগারে গিয়ে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করতেন। সেখান থেকে বাইরে নাশকতা চালানোর নির্দেশনা নিয়ে আসতেন বলে তথ্য পাওয়া গেছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সর্বশেষ গত সোমবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে গিয়ে কামাল মজুমদারের সঙ্গে দেখা করেন তছলিম। সেখান থেকে নাশকতার নতুন নির্দেশনা নিয়ে মিরপুরে ফিরে আবারও বড় ধরনের হামলা ও অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ রয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত