ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
দেশে ফেরার জন্য হাসিনাকে বৈধ পথ দেখালেন শিশির মনির
নিজস্ব প্রতিবেদক: বন্দি প্রত্যর্পণ চুক্তি ছাড়া ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার অন্য কোনো আইনগত বৈধ পথ নেই বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মনির। এ বিষয়ে প্রচারিত বক্তব্যের বড় অংশই গুজব বলে মনে করেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বাগেরহাট সার্কিট হাউসে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে বন্দি প্রত্যর্পণ চুক্তির আইনি প্রক্রিয়া ব্যাখ্যা করে এসব কথা বলেন শিশির মনির।
তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৩ সালে বন্দি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়, যা ২০১৬ সালে সংশোধন করা হয়েছে। চুক্তি অনুযায়ী, কোনো ব্যক্তি এক দেশে অপরাধ করে অন্য দেশে পালিয়ে গেলে কিংবা অন্য দেশে অপরাধ করে এ দেশে এলে, তিনি বন্দি থাকুন বা না থাকুন, সংশ্লিষ্ট সরকারের অনুরোধে তাঁকে অপরাধ সংঘটিত হওয়া দেশের কাছে হস্তান্তর করার দায়িত্ব রয়েছে। এটিই চুক্তির মূল বিধান।
শিশির মনির বলেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় কাউকে হস্তান্তর করতে হলে তাঁকে আগে কারাগারে থাকতে হবে—এমন ধারণা সঠিক নয়। চুক্তি অনুযায়ী অপরাধী কিংবা অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ করা যায়। এ ক্ষেত্রে তাঁর কারাগারে বন্দি থাকা বাধ্যতামূলক নয়।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি জানান, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখন পর্যন্ত তিনবার প্রত্যর্পণের অনুরোধ পাঠানো হয়েছে।
প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া তুলে ধরে এই আইনজীবী বলেন, ভারতীয় সরকার সংশ্লিষ্ট ব্যক্তিকে নিকটবর্তী একজন ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে। ওই ম্যাজিস্ট্রেট প্রত্যর্পণ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন। সেখানে সংশ্লিষ্ট ব্যক্তিকে হাজির করার পর বাংলাদেশের পাঠানো নথিপত্র যাচাই করা হবে। নথিপত্র সঠিক ও গ্রহণযোগ্য বিবেচিত হলে ম্যাজিস্ট্রেট প্রত্যর্পণের আদেশ দিতে পারেন।
তিনি আরও বলেন, প্রত্যর্পণের আদেশের পর ভারতীয় সরকার বাংলাদেশের সঙ্গে হস্তান্তরের দিন, সময় ও স্থান নির্ধারণ করবে। আইনি ভাষায় নির্ধারিত এই স্থানকে ‘পয়েন্ট অব কনভেনিন্স’ বলা হয়। ঠিক করা সময় ও স্থানে দুই দেশের প্রতিনিধিরা উপস্থিত হয়ে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করবেন।
শিশির মনিরের ভাষ্য, এ প্রক্রিয়ায় পাসপোর্ট, ট্রাভেল পাস কিংবা বিশেষ বিমানের প্রয়োজন নেই। দুই দেশের সরকারের মধ্যে দিন, তারিখ ও হস্তান্তরের স্থান নির্ধারণ করেই প্রত্যর্পণ সম্পন্ন করা সম্ভব।
তিনি বলেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির এই প্রক্রিয়ার বাইরে শেখ হাসিনার দেশে ফেরার অন্য কোনো আইনগত বৈধ পথ নেই। এ বিষয়ে যেসব বক্তব্য বা ব্যাখ্যা দেওয়া হচ্ছে, তার বড় অংশই গুজব। আরেকটি বড় অংশে আইন সম্পর্কে না জেনে এলোমেলো মন্তব্য করা হচ্ছে। যারা এসব মন্তব্য করছেন, তাঁরা সঠিক করছেন না।
মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম, অ্যাডভোকেট মুস্তাইন বিল্লাহ এবং বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি আহাম্মেদ আব্দুল্লাহসহ জামায়াতে ইসলামীর নেতারা উপস্থিত ছিলেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত