×

ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গিপাড়ায় একযোগে পদত্যাগ করলেন বিএনপির ছয় নেতা

২০২৬ নভেম্বর ২৫ ১৪:৩০:১৬

টুঙ্গিপাড়ায় একযোগে পদত্যাগ করলেন বিএনপির ছয় নেতা

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাটগাতী ইউনিয়ন বিএনপির ছয় নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় গিমাডাঙ্গা নতুন বাজারে বোরহানের দোকানে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতারা ইউনিয়ন বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছিলেন। দলের বর্তমান কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে অসন্তোষ জানিয়ে তাঁরা নিজ নিজ পদ থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি বিএনপির প্রাথমিক সদস্যপদও ত্যাগের সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে পাটগাতী ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছিলেন তাঁরা। কিন্তু দলের বর্তমান কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে সন্তুষ্ট নন। এ কারণে সম্পূর্ণ স্বেচ্ছায়, সুস্থ মস্তিষ্কে এবং নিজ নিজ সিদ্ধান্তে দল থেকে পদত্যাগ করেছেন।

একযোগে পদত্যাগ করা ছয় নেতা হলেন ইউনিয়ন সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সদস্য মো. আফজাল, দপ্তর সম্পাদক সজীব ফকির, সহসাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ ও সদস্য মোহাম্মদ জামাল মোল্লা।

লিখিত বক্তব্যে তাঁরা আরও জানান, পদত্যাগের মধ্য দিয়ে দলের সব ধরনের সাংগঠনিক ও রাজনৈতিক দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে বিএনপি কিংবা দলটির কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগের সিদ্ধান্তের বিষয়ে নেতারা বলেন, এটি সম্পূর্ণ ব্যক্তিগত ও স্বেচ্ছায় নেওয়া সিদ্ধান্ত। এ ক্ষেত্রে কারও কোনো চাপ, প্ররোচনা কিংবা প্রভাব ছিল না। নিজেদের বিবেচনা থেকেই তাঁরা এ সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়ে তাঁরা বলেন, পদত্যাগের বিষয়টি সংশ্লিষ্ট দলীয় নেতাকর্মীসহ সর্বসাধারণকে জানাতেই এ আয়োজন করা হয়েছে। একই ইউনিয়নের ছয় নেতার একযোগে পদত্যাগের ঘটনায় স্থানীয় বিএনপির সাংগঠনিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে পাটগাতী ইউনিয়ন বিএনপির সংশ্লিষ্ট নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত