×

ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগকে হারিয়ে এবার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই: নাহিদ ইসলাম

২০২৬ নভেম্বর ২৩ ১৭:২৩:৩৩

আওয়ামী লীগকে হারিয়ে এবার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগকে ৫ আগস্ট পরাজিত করার কথা উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তাঁদের বর্তমান লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশে যা কিছু হচ্ছে সবকিছুতে ভারত সরাসরি সম্পৃক্ত। এখনের এই লড়াই আওয়ামী লীগের সঙ্গে লড়াই না। আমরা তো তাদের ৫ ই আগস্ট পরাজিত করেছি। আমাদের লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, সমসাময়িক রাজনীতি ও বিভিন্ন সংকট নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। গত কয়েক দিন ধরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে, যার ফলে জনগণের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মী এবং জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বও এ পরিস্থিতির শিকার হচ্ছেন।

তিনি বলেন, পতিত আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় সন্ত্রাস ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। দেশের এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং রাজনৈতিক ঐক্য গড়ে তোলার সম্ভাবনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর উদ্বেগের কথা জানিয়েছেন। একই সঙ্গে ফ্যাসিবাদ ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। এর আগে সংসদেও তিনি একই আহ্বান জানিয়েছিলেন।

নাহিদ ইসলাম বলেন, তাঁদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতি এক দিনে তৈরি হয়নি। নির্বাচনের পর গত সাত-আট মাস ধরে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার প্রশ্নে আপসকামিতা, আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়গুলো আরও স্পষ্ট না করার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, যেকোনো ধরনের ঐক্য, বিশেষ করে জুলাইয়ের ঐক্যের ক্ষেত্রে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিতে হবে। এ কারণে ঐক্য প্রক্রিয়ার অন্যতম এজেন্ডা হিসেবে সংস্কারকে অন্তর্ভুক্ত করার আহ্বান ও সুপারিশ জানিয়েছেন তাঁরা।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত