×

ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

‘হাসিনার ফেরা ও সরকারের পতন একই সঙ্গে ঘটবে’

২০২৬ নভেম্বর ২৫ ১১:৪৭:২৩

‘হাসিনার ফেরা ও সরকারের পতন একই সঙ্গে ঘটবে’

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হলে শেখ হাসিনার দেশে ফেরা এবং সরকারের পতন একই সঙ্গে ঘটবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম। বুধবার (২৫ নভেম্বর) সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রেজাউল করিম বলেন, সরকার একদিকে জাতীয় ঐক্যের কথা বলছে, অন্যদিকে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ আর ফ্যাসিবাদ, খুন ও তাণ্ডবের রাজনীতি দেখতে চায় না। শেখ হাসিনা দেশে ফিরলে তাকে ফাঁসির মঞ্চে যেতে হবে। এ জন্য কোনো রাজনৈতিক দলের প্রয়োজন হবে না; ফ্যাসিবাদের সময় নির্যাতিত মানুষেরাই তাকে বিচারের মুখোমুখি করবে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি, গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ক্ষমতাসীনদের কর্মকাণ্ডের ফল। অর্থ ও সম্পদ ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা করা হচ্ছে। মন্ত্রী-এমপি পর্যায়ের নেতারাও কারাগারে গিয়ে আওয়ামী লীগ নেতাদের ফুল দিয়ে বরণ করেছেন।

জামায়াতের এই নেতা বলেন, বর্তমান রাষ্ট্রপতি একসময় বিএনপির মহাসচিব ছিলেন। তিনি নিজের নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। একই সঙ্গে তাদের মামলা প্রত্যাহার ও নিরাপদে থাকার আশ্বাস দিয়েছিলেন।

রেজাউল করিম প্রশ্ন তুলে বলেন, আওয়ামী লীগ এখন শান্তির বার্তা নিয়ে আসছে, নাকি আগুন নিয়ে আসছে? এই আগুন শুধু মানুষের ঘরবাড়ি পোড়ানোর জন্য নয়, বরং গোটা বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার পরিকল্পনার অংশ।

সম্মেলনে রুকনদের ভোটে চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর এ আর হাফিজ উল্লাহ, নায়েবে আমীর মাওলানা ফারুক হোসাইন নূরনবী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুর রহমান, চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর অ্যাডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমন, সাবেক আমীর নুর মোহাম্মদ রাসেল এবং মাওলানা নাজমুল ইসলাম শামীমসহ অন্যরা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত