×

ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডায় ১ লাখ বিদেশি কর্মীর স্থায়ী বসবাসের সুযোগ

২০২৬ নভেম্বর ২৬ ১০:২২:৫১

কানাডায় ১ লাখ বিদেশি কর্মীর স্থায়ী বসবাসের সুযোগ

ডুয়া ডেস্ক: কানাডায় কর্মরত বিদেশি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এ লক্ষ্যে প্রদেশ ও অঞ্চলগুলোকে অতিরিক্ত অভিবাসন বরাদ্দ দেওয়া হবে। সরকারের এ পরিকল্পনার আওতায় ২০২৭ সালে সর্বোচ্চ ১ লাখ বিদেশি কর্মী ও তাদের পরিবারের সদস্য স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পেতে পারেন।

গত ১২ নভেম্বর কানাডার অভিবাসনমন্ত্রী লেনা মেটলেজ ডায়াব এ উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন। ২০২৬ সালের বাজেটে ঘোষিত সাময়িক অভিবাসন উদ্যোগের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অভিবাসনবিষয়ক ওয়েবসাইট ইমিগ্রেশন ডট সিএ।

নতুন উদ্যোগের আওতায় প্রাদেশিক মনোনয়ন কর্মসূচি (পিএনপি) ব্যবহার করে প্রদেশ ও অঞ্চলগুলোকে অতিরিক্ত অভিবাসন বরাদ্দ দেওয়া হবে। এর মাধ্যমে কানাডার বিভিন্ন অঞ্চলে আগে থেকেই বসবাস ও কর্মরত বিদেশি কর্মীদের ধরে রাখতে চায় সরকার।

তবে অতিরিক্ত বরাদ্দের কতটুকু ব্যবহার করা হবে, তা সংশ্লিষ্ট প্রদেশ ও অঞ্চলগুলো নিজেদের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী নির্ধারণ করবে। ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে এসব বরাদ্দ ব্যবহারের পরিকল্পনা রয়েছে সরকারের। এর মাধ্যমে ওই বছরই যোগ্য আবেদনকারীদের স্থায়ী বসবাসের সুযোগ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

যারা পাবেন সুযোগ

কানাডায় বসবাস করছেন এবং দেশটির অর্থনীতিতে অবদান রাখছেন এমন বিদেশি কর্মীদের লক্ষ্য করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো প্রদেশ বা অঞ্চলে দীর্ঘদিন ধরে বসবাস করছেন, স্থানীয় শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কাজ করছেন এবং প্রাদেশিক মনোনয়ন অথবা অন্য কোনো স্থায়ী বসবাসের কর্মসূচির শর্ত পূরণ করতে পারবেন, এমন কর্মীরা সম্ভাব্য সুবিধাভোগী হতে পারেন।

এ ক্ষেত্রে কর্মীদের পাশাপাশি যোগ্য পরিবারের সদস্যরাও সুযোগ পাবেন। তবে শুধু কানাডায় চাকরি করলেই কেউ স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী বসবাসের যোগ্য হবেন না। এ উদ্যোগের আওতায় সবার জন্য প্রযোজ্য কোনো নির্দিষ্ট যোগ্যতার তালিকা এখনো প্রকাশ করেনি দেশটির সরকার।

৩১ মার্চের সময়সীমা নিয়ে যা জানা গেল

এ উদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো ২০২৭ সালের ৩১ মার্চের সময়সীমা। কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) জানিয়েছে, ওই সময়ের মধ্যে প্রদেশ ও অঞ্চলগুলোকে অতিরিক্ত বরাদ্দ ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

তবে ৩১ মার্চ বিদেশি কর্মীদের সবার জন্য স্থায়ী বসবাসের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ নয়। কারণ, প্রদেশভেদে অভিবাসন কর্মসূচির আবেদনপ্রক্রিয়া, যোগ্যতা ও মনোনয়ন পদ্ধতিতে ভিন্নতা রয়েছে। কোনো কোনো প্রদেশে আগ্রহপত্রের মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়, আবার কোথাও নিয়োগকর্তার সহায়তায় আবেদন গ্রহণ করা হয়।

এ কারণে কর্মীদের নিজ নিজ প্রদেশের অভিবাসনসংক্রান্ত ঘোষণা ও নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আগে আবেদন করলেও মিলতে পারে সুযোগ

নতুন উদ্যোগে শুধু নতুন করে প্রাদেশিক মনোনয়ন পেতে আগ্রহী কর্মীরাই নন, স্থায়ী বসবাসের জন্য আগে আবেদন করে অপেক্ষায় থাকা কিছু কর্মীও সুবিধা পেতে পারেন।

এ ক্ষেত্রে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম, স্টার্ট-আপ ভিসা, স্বনিয়োজিত ব্যক্তিদের অভিবাসন কর্মসূচি, কৃষি-খাদ্য পাইলট এবং হোম কেয়ার কর্মী অভিবাসন কর্মসূচির আবেদনকারীদের বিবেচনায় নেওয়া হতে পারে।

এসব কর্মসূচির কয়েকটিতে নতুন আবেদন গ্রহণ বন্ধ রয়েছে। তবে অতিরিক্ত বরাদ্দের কারণে সেগুলো আবার চালু হচ্ছে না। বরং আগে থেকেই আবেদন করেছেন, এমন যোগ্য ব্যক্তিদের স্থায়ী বসবাসের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হতে পারে।

কেন প্রদেশগুলোকে বেশি ক্ষমতা দিচ্ছে কানাডা

কানাডার এ উদ্যোগের মূল উদ্দেশ্য আঞ্চলিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিদেশি কর্মীদের ধরে রাখা। স্থানীয় অর্থনীতিতে অবদান রাখা অভিজ্ঞ কর্মীদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে চায় দেশটির সরকার।

২০২৭-২০২৯ সালের অভিবাসন পরিকল্পনায় নিয়মিত প্রাদেশিক মনোনয়ন কর্মসূচির আওতায় বার্ষিক অভিবাসন লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৯৫ হাজার করা হয়েছে। আগের পরিকল্পনায় ২০২৭ সালের জন্য এ লক্ষ্যমাত্রা ছিল ৯২ হাজার ৫০০। নতুন সাময়িক উদ্যোগের অতিরিক্ত বরাদ্দ নিয়মিত অভিবাসন লক্ষ্যমাত্রার বাইরে যুক্ত হবে।

সরকারের যুক্তি, কানাডায় আগে থেকেই বসবাসরত কর্মীদের স্থায়ী হওয়ার সুযোগ দিলে নিয়োগকর্তারা অভিজ্ঞ কর্মীদের ধরে রাখতে পারবেন। পাশাপাশি বিদেশ থেকে নতুন করে সমসংখ্যক মানুষ আনার তুলনায় আবাসন ও অবকাঠামোর ওপর তাৎক্ষণিক চাপও কম পড়তে পারে।

২ লাখ মানুষের জন্য বৃহত্তর উদ্যোগের অংশ

কানাডায় সর্বোচ্চ ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে বিদেশি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের জন্য সর্বোচ্চ ১ লাখ জনের সুযোগ রাখা হয়েছে।

এ ছাড়া হংকংয়ের স্থায়ী বসবাসের কর্মসূচির আওতায় সর্বোচ্চ ৩২ হাজার, ইউক্রেন পরিবার পুনর্মিলন কর্মসূচিতে ১৮ হাজার ৮০০, মানবিক ও সহানুভূতিশীল বিবেচনায় যোগ্য ঘোষিত আবেদনকারীদের মধ্যে ১২ হাজার ৬০০ এবং কানাডার নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের সঙ্গে দেশটিতে বসবাসরত স্বামী-স্ত্রী, সঙ্গী ও নির্ভরশীল সন্তানদের মধ্যে ৪৫ হাজার জনকে এ পরিকল্পনার আওতায় আনার লক্ষ্য রয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত