×

ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

২০২৬ নভেম্বর ২৫ ২০:০১:৩৩

‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা এবং বাংলাদেশ সরকারের করা প্রত্যর্পণের অনুরোধকে পৃথক বিষয় হিসেবে দেখছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছার সঙ্গে প্রত্যর্পণের অনুরোধের কোনো যোগসূত্র নেই।

বুধবার (২৫ নভেম্বর) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ অবস্থানের কথা জানান।

বার্তা সংস্থা রয়টার্স সম্প্রতি জানিয়েছে, ভারতে দুই বছরের বেশি সময় নির্বাসনে থাকার পর আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। এ জন্য পাসপোর্টের মতো ভ্রমণসংক্রান্ত নথি এবং রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দেশে ফেরার ব্যবস্থা করার অনুরোধও জানিয়েছেন তিনি। তবে বাংলাদেশ সরকার বলেছে, ভারত কেবল প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই তাঁকে ফেরত পাঠাতে পারে।

রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশের করা প্রত্যর্পণের অনুরোধ বিদ্যমান আইনি কাঠামোর আওতায় প্রক্রিয়াধীন একটি বিষয়। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।

জয়সওয়াল বলেন, ‘প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুসারে অনুরোধটি পরীক্ষা করা হচ্ছে। কোনো নাগরিকের স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছার বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা।’

তিনি আরও বলেন, ‘এটি শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়।’

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার কথা প্রকাশের পর বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, প্রত্যর্পণ ছাড়া হাসিনার দেশে ফেরার সুযোগ নেই। অর্থাৎ, স্বেচ্ছায় দেশে ফেরার পথ কার্যত বন্ধ।

হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী মঙ্গলবার জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে শেখ হাসিনার।

২০২৪ সালের ৫ আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। ওই দিন ছাত্র-জনতার নেতৃত্বে গণ-অভ্যুত্থানের মুখে তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান। এর মধ্য দিয়ে তাঁর ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে।

বাংলাদেশ সরকার জানিয়েছে, দেশে প্রবেশের সঙ্গে সঙ্গেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে। অন্য যেকোনো দণ্ডিত পলাতক আসামির মতোই তাঁর বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

২০২৪ সালে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। তবে হাসিনা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে রাজি আছেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত