×

ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণ ব্যাংকে হামলায় উদ্বেগ জানালেন কেরি কেনেডি

২০২৬ নভেম্বর ২৫ ১৪:৪৫:৫৩

গ্রামীণ ব্যাংকে হামলায় উদ্বেগ জানালেন কেরি কেনেডি

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা এবং গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মানবাধিকারকর্মী কেরি কেনেডি। এসব হামলার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের সমর্থকদের দায়ী করেছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ফেসবুক পেজে নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন শেয়ার করে কেরি কেনেডি জানান, বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় চারজন নিহত হয়েছেন। একই সময়ে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলার লক্ষ্যবস্তু হয়েছে ব্যাংকটির প্রতিষ্ঠাতা ও নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের পারিবারিক বাড়িও।

কেরি কেনেডি বলেন, এসব হামলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয় ধ্বংস হওয়ায় লাখ লাখ মানুষের আর্থিক নিরাপত্তা ও অর্থনৈতিক অধিকার হুমকির মুখে পড়েছে। বিশেষ করে ব্যাংকটির ওপর নির্ভরশীল সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য বিষয়টি গভীর উদ্বেগের।

এর আগে সোমবার গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূস এসব হামলার ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্তের আহ্বান জানান। পাশাপাশি হামলাকারীদের বিচারের আওতায় আনা এবং ব্যাংকের নিরাপত্তা জোরদারের দাবি জানান তিনি।

২০০৬ সালে ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে অবদানের স্বীকৃতি হিসেবে গ্রামীণ ব্যাংক ও মুহাম্মদ ইউনূস যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পান। বর্তমানে ব্যাংকটির ঋণগ্রহীতার সংখ্যা প্রায় ১ কোটি ১০ লাখ। তাঁদের ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের হাতে রয়েছে।

কেরি কেনেডি আরও বলেন, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করছেন। এ সময়ে সহিংসতার কোনো স্থান নেই। মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল ভবিষ্যৎ গড়ে তুলতে সত্য, সমঝোতা ও ন্যায়বিচারের ভিত্তি প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, শেখ হাসিনার সরকারের আমলে গুমের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার দাবিতে কেরি কেনেডির সংস্থা, তৎকালীন রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস, হিউম্যান রাইটস ওয়াচসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের সঙ্গে কাজ করেছে।

এ ছাড়া ২০২১ সালে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম থেকে বাদ দেওয়ার দাবিতে একটি জোটের সঙ্গে যুক্ত হয়েছিল সংস্থাটি। ওই বছরের ডিসেম্বরে র‍্যাব এবং বাহিনীটির বর্তমান ও সাবেক ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত