×

ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজনে প্রভা, থাকছেন না মিথিলা

২০২৬ নভেম্বর ২৩ ১৯:৪৬:৪১

‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজনে প্রভা, থাকছেন না মিথিলা

বিনোদন ডেস্ক: ২০২২ সালে ওটিটি সিরিজ ‘সিন্ডিকেট’ নির্মাণ করেন ঢালিউড পরিচালক শিহাব শাহীন। ওই সিরিজেই প্রথম দেখা যায় ‘অ্যালেন স্বপন’ চরিত্রটি। পরবর্তী সময়ে চরিত্রটি দেশের ওটিটি অঙ্গনে অন্যতম জনপ্রিয় হয়ে ওঠে।

এরপর পরিচালক নির্মাণ করেন ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। সিরিজটির দ্বিতীয় সিক্যুয়েলও দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ‘অ্যালেন স্বপন’ চরিত্রে অভিনয় করে দর্শকদের বিশেষ ভালোবাসা পান অভিনেতা নাসির উদ্দিন খান। গত বছর চরকিতে মুক্তি পায় সিরিজটির দ্বিতীয় সিজন। এবার সেই ধারাবাহিকতায় আসছে তৃতীয় সিজন।

একটি সূত্র জানিয়েছে, এরই মধ্যে সিরিজটির শুটিং শুরু হয়েছে। আগের মতো এবারও নাম ভূমিকায় অভিনয় করছেন নাসির উদ্দিন খান। তবে এবারের সিজনে থাকছেন না অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। আগের দুই সিজনে অ্যালেন স্বপনের সঙ্গে শায়লা চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তাঁর পরিবর্তে নতুন সিজনে যুক্ত হচ্ছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

এ বিষয়ে নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘চুক্তিগত বাধ্যবাধকতার কারণে চরকির কোনো নিউজ কনফার্ম করা আমার পক্ষে সম্ভব নয়। তাদের নিজস্ব পিআর সিস্টেম রয়েছে। সেখান থেকেই জানানো হবে।’

বিশ্বস্ত সূত্রের তথ্য অনুযায়ী, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজনে অভিনয় করবেন সাদিয়া জাহান প্রভা। মিথিলার পরিবর্তে তাঁকে নেওয়ার কারণ হিসেবে জানা গেছে, মিথিলা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণাবিজ্ঞানী হিসেবে যোগ দিয়েছেন তিনি। পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতাও শুরু করেছেন। এসব ব্যস্ততার কারণে দেশে ফিরে সিরিজটির শুটিংয়ে অংশ নেওয়া তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না।

এ পরিস্থিতিতে মিথিলার জায়গায় প্রভাকে বেছে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। চলতি মাসের শেষ দিকে শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে প্রভার। আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সিরিজটির শুটিং শেষ হওয়ার কথা।

সিরিজটিতে নাসির উদ্দিন খান ও সাদিয়া জাহান প্রভা ছাড়াও অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, জয়রাজ, ফারজানা ছবি প্রমুখ। আগামী ঈদুল ফিতরে চরকিতে সিরিজটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত