×

ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ, অশ্লীলতা থেকে বিরত থাকার নির্দেশ

২০২৬ নভেম্বর ০৮ ১২:৪৭:৩৫

ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ, অশ্লীলতা থেকে বিরত থাকার নির্দেশ

বিনোদন ডেস্ক: জাতীয় সংগীত অবমাননা ও সাংবাদিক হয়রানির অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে ক্ষমা চেয়ে লিখিত বক্তব্য দিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে সব ধরনের অশ্লীল কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার।

নোটিশে আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে সংঘটিত ঘটনার জন্য পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে।

পাশাপাশি ভবিষ্যতে সব ধরনের অশ্লীল কথা বা সংলাপ, হুমকি প্রদান, অশ্লীল অভিনয়, অশ্লীল অঙ্গভঙ্গি এবং অশ্লীল নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে বলা হয়েছে। চলচ্চিত্র, ভিডিও চিত্র, অডিও ভিজ্যুয়াল চিত্র, স্থিরচিত্র, গ্রাফিকস বা অন্য কোনো মাধ্যমে ধারণ ও প্রদর্শনযোগ্য এসব কর্মকাণ্ডের কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া আগামী সাত দিনের মধ্যে শোকজ নোটিশ প্রদান করে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে বলা হয়েছে। অন্যথায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

লিগ্যাল নোটিশে আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার বলেন, শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি নিয়মিত বিভিন্ন সময়ে বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক অস্থিরতা তৈরি করার পাশাপাশি বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির সুন্দর ঐতিহ্য নষ্টের অপচেষ্টা চালাচ্ছেন। পরীমনি বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের একজন চলচ্চিত্রশিল্পী হওয়ায় তাঁর কাছ থেকে সংযত ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন সবাই।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পান চিত্রনায়িকা পরীমনি। আদালত থেকে বের হওয়ার সময় এক সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে গালিগালাজ ও মারধরের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত