ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি, গাড়িতে অপেক্ষা
বিনোদন ডেস্ক: আলোচিত বোট ক্লাব ভাঙচুর এবং ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ১০ বডিগার্ড নিয়ে আদালতে এসেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে একটি সাদা গাড়িতে করে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে পৌঁছান তিনি। শুনানি শুরু না হওয়ায় গাড়ির ভেতরেই অবস্থান করছেন পরীমনি। এ সময় কালো পোশাক পরা ১০ জন বডিগার্ড তাঁর গাড়ি ঘিরে দাঁড়িয়ে ছিলেন। মামলার শুনানি শুরু হলে তাঁদের নিরাপত্তায় তিনি আদালতে যাবেন।
এর আগে গতকাল বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান শুনানি শেষে পরীমনির জামিন নামঞ্জুর করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেদিন মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য ছিল। তবে আদালতে হাজির না হয়ে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর মাধ্যমে সময়ের আবেদন করেন পরীমনি। আবেদনে বলা হয়, অ্যালার্জিজনিত কারণে অসুস্থ থাকায় তিনি আদালতে হাজির হতে পারেননি।
তবে ওই আবেদনের বিরোধিতা করেন বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল। তিনি পরীমনির জামিন বাতিলের আবেদন জানিয়ে বলেন, আসামি ইচ্ছাকৃতভাবে আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করছেন। এতে আদালতের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। পরে আদালত সময়ের আবেদন নাকচ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন ধার্য করেন।
এর আগে ২০২২ সালের ৬ জুলাই নাসির উদ্দিন মাহমুদ আদালতে এ মামলা করেন। মামলায় পরীমনি ছাড়াও তাঁর দুই সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমিকে আসামি করা হয়েছে। ২০২৫ সালের ২৬ জুন মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সেদিন পরীমনি আদালতে উপস্থিত না থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তিনি।
মামলার এজাহারে বলা হয়, পরীমনি ও তাঁর সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত। ২০২১ সালের ৮ জুন রাত ১২টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে প্রবেশ করে অ্যালকোহল পান করেন। এরপর নাসির উদ্দিনকে আকৃষ্ট করাসহ বিনা মূল্যে মদের বোতল নিয়ে যেতে চান তাঁরা। এতে রাজি না হওয়ায় পরীমনি ক্লাব ভাঙচুর করেন বলে এজাহারে অভিযোগ করা হয়।
এজাহারে আরও বলা হয়, রাত সোয়া ১টার দিকে বাদী নাসির ক্লাব ত্যাগ করার সময় পরীমনি উদ্দেশ্যমূলকভাবে তাঁকে ডাক দেন। একপর্যায়ে অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসির উদ্দিনকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনা মূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন।
বাদী এতে রাজি না হওয়ায় পরীমনি তাঁকে গালমন্দ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে বাদানুবাদের একপর্যায়ে পরীমনি বাদীর দিকে একটি সার্ভিং গ্লাস ছুড়ে মারেন। হাতে থাকা মুঠোফোনটিও তাঁর দিকে ছুড়ে মারেন। এতে নাসির উদ্দিন মাথায় ও বুকে আঘাত পান বলে অভিযোগ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের ১৪ জুন ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ ও তাঁর বন্ধু অমির নাম উল্লেখ করে ঢাকার সাভার থানায় মামলা করেন পরীমনি। পরীমনির বিরুদ্ধেও মাদক মামলা হয়েছিল।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- এইচএসসিতে সর্বোচ্চ জিপিএ-৫ ঢাকা বোর্ডে, সর্বনিম্ন বরিশালে
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী মির্জা ফয়সল আমীন
- এইচএসসিতে পাস করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী
- পুলিশে ১৪ হাজার নিয়োগের প্রস্তাব অনুমোদন