×

ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

চিকিৎসক বলেছিলেন বেশি দিন বাঁচব না: তানিয়া বৃষ্টি

২০২৬ নভেম্বর ০১ ১৮:২১:৫৪

চিকিৎসক বলেছিলেন বেশি দিন বাঁচব না: তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক: মস্তিষ্কে টিউমার, চেন্নাইয়ে জটিল অস্ত্রোপচার এবং দীর্ঘ ১০ মাসের চিকিৎসা। কঠিন সেই সময় পেরিয়ে অবশেষে সুস্থ হয়ে শুটিংয়ে ফিরেছেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। চিকিৎসকেরা একপর্যায়ে তাঁর আয়ুষ্কাল সাড়ে চার থেকে পাঁচ বছর হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন। তবে সব ভয় ও কঠিন চিকিৎসাপ্রক্রিয়া পেছনে ফেলে ধীরে ধীরে সুস্থতার পথে ফিরেছেন এই অভিনেত্রী।

দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে দাঁড়ানোকে নিজের ‘দ্বিতীয় জন্ম’ বলে অভিহিত করেছেন তানিয়া বৃষ্টি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অসুস্থতা, দীর্ঘ চিকিৎসাপ্রক্রিয়া এবং শুটিংয়ে ফেরার অনুভূতি নিয়ে বিস্তারিত কথা বলেন তিনি।

গত বছরের ডিসেম্বরে একটি নাটকের শুটিং চলাকালে হঠাৎ তীব্র মাথাব্যথা শুরু হয় তানিয়া বৃষ্টির। ব্যথা নিয়েই টানা চার দিন কাজ চালিয়ে যান তিনি। পঞ্চম দিনে তীব্র বমি শুরু হলে দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তাঁর মস্তিষ্কে টিউমার হয়েছে।

শুরুতে ঢাকায় তাঁর অস্ত্রোপচার করা হয়। কিন্তু জটিলতা বাড়তে থাকায় পরে তাঁকে চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে নেওয়া হয়। সেখানে একজন অনকোলজিস্ট যখন জানান, তাঁর আয়ুষ্কাল হয়তো আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর, তখন মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিলেন এই অভিনেত্রী।

দ্বিতীয় অস্ত্রোপচারের সময় পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে ওঠে। একপর্যায়ে তাঁকে লাইফ সাপোর্টেও রাখতে হয়েছিল। তবে মা ও বোনের নিরলস সেবা, পরিবার ও সহকর্মীদের প্রার্থনা এবং নিজের মানসিক শক্তি তাঁকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে বলে জানান তানিয়া।

চিকিৎসকদের কঠোর পরামর্শ রয়েছে। এখনো দুই মাসের কেমোথেরাপির কোর্স বাকি। এরপরও ঘরে বসে থাকলে মানসিকভাবে ভেঙে পড়ার আশঙ্কা থেকে চিকিৎসকদের কাছে অনেক অনুনয়-বিনয় করে শুটিংয়ে ফেরার অনুমতি নিয়েছেন তিনি।

সম্প্রতি পরিচালক ইকসান রনির পরিচালনায় ‘অংশীদার’ নাটকের মাধ্যমে অভিনয়ে ফিরেছেন তানিয়া বৃষ্টি। পারিবারিক সম্পত্তি ও আর্থিক লেনদেনের প্রেক্ষাপটে নির্মিত নাটকটিতে ‘সুমি’ চরিত্রে অভিনয় করছেন তিনি। বাবার মৃত্যুর পর চাচার সঙ্গে পারিবারিক দ্বন্দ্বে জড়িয়ে পড়ে চরিত্রটি। প্রথম দিনের শুটিংয়ে পরিচালক, ক্যামেরাম্যানসহ পুরো প্রযোজনা দল তাঁর শারীরিক অবস্থার প্রতি বিশেষ যত্নশীল ছিলেন।

মাথায় অস্ত্রোপচারের পর শারীরিক নানা কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে অভিনেত্রীকে। তবে এখন অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরেছেন তিনি। ২০১২ সালের মতো একই উদ্দীপনা নিয়ে জীবনকে নতুন করে সাজাতে চান তানিয়া।

অসুস্থতার সময় তাঁর মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়েছিল। সেই অভিজ্ঞতা পেছনে ফেলে জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। তাঁর মতে, রোগের নাম শুনেই মনোবল হারানো উচিত নয়। দৃঢ় মানসিক শক্তি, সঠিক খাদ্যাভ্যাস ও পরিবারের সমর্থন নিয়ে কঠিন এই লড়াইয়ে জয়ী হওয়ার চেষ্টা করতে হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম... বিস্তারিত