×

ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

২০২৬ অক্টোবর ২৬ ১৭:৫৬:৫৯

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক: ৭৫ হাজার টাকার শাড়ি নিয়ে করা মামলাটি প্রত্যাহারে হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে আরেকটি মামলা করেছেন আগের মামলার বাদী সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। এ মামলায় তানজিন তিশাকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে মামলাটি করেন ফ্যাশন ডিজাইনার ও ভেলমেট-ইয়ুথ ম্যাগাজিনের সম্পাদক সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। বাদীর জবানবন্দি রেকর্ড করে আদালত মামলাটি গ্রহণ করেন। একই সঙ্গে আগামী ২৩ নভেম্বর আসামিকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রনি এ তথ্য নিশ্চিত করেন।

২০২৫ সালের ২৭ নভেম্বর অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে ঢাকার আদালতে মামলাটি করেছিলেন ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী। ওই মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য তাঁর কাছ থেকে ৭৫ হাজার টাকা দামের একটি শাড়ি নেন তানজিন তিশা। অনুষ্ঠান শেষে পরদিন শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা ফেরত দেওয়া হয়নি। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।

নতুন মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৭ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে মামলা করেন বাদী। মামলা করার পর বিভিন্ন সময়ে আসামি তাঁকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেন এবং ক্ষতি করার ভয় দেখান।

অভিযোগে আরও বলা হয়, মামলাটি তদন্তের দায়িত্ব পেয়ে তদন্ত কর্মকর্তা পক্ষপাতদুষ্ট প্রতিবেদন দাখিল করেন। পরে গতকাল রোববার, ২৫ অক্টোবর, ওই প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন বাদী। আদালত আবেদনটি মঞ্জুর করে মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন।

বাদীর অভিযোগ, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের মাধ্যমে তাঁকে মামলা প্রত্যাহারের হুমকি দেওয়া হয়েছে। মামলা প্রত্যাহার না করলে তাঁকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে নিকটস্থ থানায় মামলা করতে গেলে তাঁকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়।

সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী বলেন, ‘আমি তানজিন তিশার বিরুদ্ধে মামলা করলে সে আমাকে মামলা তুলে নিতে হুমকি দেয়। আমায় ভয় দেখায়। এই মামলার পুনঃতদন্ত গতকাল সিআইডির কাছে গেছে। আমার বাসায় লোকজন পাঠিয়ে হুমকি দিচ্ছে।’

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত