×

ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

এরশাদ-হাসিনার আমলে সাংবাদিকদের টাকা দিয়ে কেনার চেষ্টা হয়েছিল: রিজভী

২০২৬ অক্টোবর ২৬ ১৬:২০:৪৮

এরশাদ-হাসিনার আমলে সাংবাদিকদের টাকা দিয়ে কেনার চেষ্টা হয়েছিল: রিজভী

নিজস্ব প্রতিবেদক: এরশাদ ও শেখ হাসিনার শাসনামলে সাংবাদিকদের টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর মতো ব্যক্তিত্বদের ভূমিকার কারণে দেশে বারবার গণতন্ত্র ফিরে এসেছে। দেশের ভাবমূর্তি রক্ষায় গণমাধ্যমকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সোমবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর স্মরণসভায় এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, সাংবাদিক হিসেবে গিয়াস কামাল চৌধুরী নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করেছেন। তাঁর মতো দৃঢ়চেতা সাংবাদিকেরা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি সব সময় সজাগ ছিলেন। সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

এ সময় গিয়াস কামাল চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

ইতালিতে অভিবাসন ও বাংলাদেশিদের ভাবমূর্তি প্রসঙ্গে রিজভী বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক মানুষ কাজের সন্ধানে ইতালিতে যান। দারিদ্র্য, রাজনৈতিক সংকটসহ নানা কারণে মানুষ দেশ ছেড়ে সেখানে পাড়ি জমান। তবে সেখানে চুরির ঘটনায় ইতালীয়দের পরিবর্তে বিভিন্ন দেশ থেকে যাওয়া কিছু অভিবাসীর সংশ্লিষ্টতা রয়েছে। এ ক্ষেত্রে তিনি কয়েকটি দেশের নাম উল্লেখ করতে চাননি।

রিজভী জানান, ইতালিতে অনেক বাংলাদেশি ও বিদেশি পর্যটকের সঙ্গে কথা বললেও বাংলাদেশিদের বিরুদ্ধে এ ধরনের চুরির অভিযোগ শোনেননি। নানা সমস্যার মধ্যেও বাংলাদেশিদের কিছু ইতিবাচক দিক রয়েছে, যা গর্ব করার মতো।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিকদের সুনাম রয়েছে। ইউরোপীয়দের অনেকে বলেছেন, বাংলাদেশিদের মতো ভালো শ্রমিক পাওয়া কঠিন।

তিনি আরও বলেন, রোমের কেন্দ্রীয় স্টেশনের আশপাশে আগে অন্য দেশের নাগরিকদের অনেক দোকানপাট থাকলেও এখন সেখানে বাংলাদেশিদের ব্যবসায়িক উপস্থিতি বাড়ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ার উল্লাহ চৌধুরী এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান কবি আব্দুল হাই সিকদার প্রমুখ।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত