×

ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

পিএসসির নতুন সদস্য হলেন অধ্যাপক শামীমা সুলতানা

২০২৬ অক্টোবর ২৬ ১৫:৩৬:৩৬

পিএসসির নতুন সদস্য হলেন অধ্যাপক শামীমা সুলতানা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীমা সুলতানা। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধ্যাপক শামীমা সুলতানাকে সরকারি কর্ম কমিশনের সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এ নিয়োগের শর্ত অনুযায়ী, তাঁকে অন্য যেকোনো পেশা বা ব্যবসা এবং সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে।

সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তাঁর বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত এই দুইয়ের মধ্যে যেটি আগে ঘটবে, সে সময় পর্যন্ত তিনি পিএসসির সদস্য পদে বহাল থাকবেন।

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় অধ্যাপক শামীমা সুলতানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি ছিলেন। ওই বছরের ১ আগস্ট নিজের কার্যালয় থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে আলোচনায় আসেন তিনি। ছবি সরানোর পর সেটি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেন এই শিক্ষক।

অধ্যাপক শামীমা সুলতানা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সহসভাপতি ছিলেন। তবে বর্তমানে তিনি সংগঠনটির কোনো কমিটিতে পদে নেই।

এদিকে সম্প্রতি পিএসসির দুই সদস্য পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তাঁরা হলেন সাবেক সচিব মো. মহিউদ্দিন ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক এম সোহেল রহমান। মো. মহিউদ্দিন ১৫ অক্টোবর এবং অধ্যাপক এম সোহেল রহমান ১৭ অক্টোবর রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।

এই দুই সদস্যের পদত্যাগের পর ২০ সদস্যের পিএসসিতে সদস্যসংখ্যা কমে দাঁড়িয়েছিল ১৮ জনে। অধ্যাপক শামীমা সুলতানাকে নিয়োগ দেওয়ায় এখন কমিশনের সদস্যসংখ্যা দাঁড়াল ১৯-এ।

এর আগে গত আগস্টে পিএসসির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেমও ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছেড়েছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত