ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
তিশা-ফারুকীর সম্পর্কে কি সত্যিই ফাটল ধরেছে?
বিনোদন ডেস্ক: নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য জীবন নিয়ে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে শোবিজ অঙ্গনে। বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁদের আলাদা থাকা ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি এই তারকা দম্পতি।
এরই মধ্যে বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন ফারুকী। ব্যক্তিগত জীবন নিয়ে কিছু না লিখে সেখানে কাজ ও গল্প বলার প্রসঙ্গ তুলে ধরেছেন তিনি।
ফারুকী লিখেছেন, ‘ঢেঁকি বুসান গিয়েও ধান ভেনেছে। এবং এখন আবার দেশে ফিরে রান্না বান্নায় মন দিয়েছে। গল্প বলার মতো এতো ঘোর আর কোনো কাজে পাই না বলেই গল্প বলি। বাই দ্য ওয়ে, পুরা দুনিয়াটাইতো একটা গল্প!’
ফারুকীর এই পোস্টে গল্প বলা ও চলচ্চিত্রের প্রতি তাঁর আগ্রহের বিষয়টি উঠে এসেছে। তবে তিশার সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থা কিংবা ছড়িয়ে পড়া বিচ্ছেদের গুঞ্জন নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, বেশ কিছুদিন ধরে ফারুকী ও তিশার মধ্যে মানসিক দূরত্ব তৈরি হয়েছে। তিশা তাঁদের একমাত্র কন্যাসন্তান ইলহাম নুসরাত ফারুকীকে নিয়ে আলাদা থাকছেন বলেও খবর প্রকাশিত হয়েছে। এমনকি তাঁদের দাম্পত্য জীবনের ভবিষ্যৎ নিয়েও নানা প্রশ্ন উঠেছে। তবে এসব দাবির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
এর আগে তাঁদের ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে দেড় মাসের বেশি সময় ধরে আলাদা থাকার খবরও প্রকাশিত হয়। অস্ট্রেলিয়ায় কেনা একটি বাড়ি বিক্রি নিয়ে দুজনের মধ্যে মতবিরোধের কথাও এসেছে কিছু প্রতিবেদনে। বাড়িটি ফারুকী বিক্রি করতে চান, তবে তাতে তিশার সম্মতি নেই—এমন দাবি করা হলেও এ বিষয়ে দম্পতির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে জাগো নিউজের পক্ষ থেকে ফারুকীর সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তিশার বক্তব্যও পাওয়া যায়নি।
ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের মধ্যেও কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিশা। সম্প্রতি ‘ফুলস্ক্রিন’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি। নাটক নির্মাণের পাশাপাশি তাঁর প্রযোজিত ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’ মুক্তি পেয়েছে।
অন্যদিকে, সাম্প্রতিক সময়ে চলচ্চিত্র নির্মাণে তুলনামূলক কম দেখা গেছে ফারুকীকে। তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘৮৪০: ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’। ২০২৪ সালে মুক্তি পাওয়া সিনেমাটির পর নতুন কোনো চলচ্চিত্র নিয়ে এখনো পর্দায় ফেরেননি এই নির্মাতা। তিশাও বেশ দীর্ঘদিন ধরে অভিনয়ে নেই।
কাজের সূত্র ধরেই ফারুকী ও তিশার পরিচয়। সেখান থেকে বন্ধুত্ব, পরে প্রেম। পাঁচ বছরের প্রেমের সম্পর্কের পর ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন তাঁরা। ২০২২ সালে তাঁদের ঘরে আসে কন্যাসন্তান ইলহাম নুসরাত ফারুকী।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের খেলার সময়সূচি (১৮ অক্টোবর)
- মাদকবিরোধী অভিযানে প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
- সৌদিতে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকরের তথ্য চেয়েছে কনস্যুলেট
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃ'ত্যু ৩