ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের বয়সসীমা আরও কমিয়ে আনার উদ্যোগ বিবেচনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকেই নিবন্ধন কার্যক্রম শুরু হতে পারে। এতে ৬ থেকে ১৬ বছর বয়সি শিশুরাও এনআইডি সেবার আওতায় আসবে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কমিশন।
শনিবার (৭ নভেম্বর) ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ইসি সূত্রে জানা গেছে, সম্প্রতি কমিশনের এক বৈঠকে অপ্রাপ্তবয়স্কদের এনআইডি নিবন্ধনের বিষয়টি আলোচনায় আসে। বৈঠকে ইসি সচিব আখতার আহমেদ ৬ থেকে ১৬ বছর বয়সি শিশুদের নিবন্ধন কার্যক্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে শুরু করার প্রস্তাব দেন।
প্রস্তাব অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয় থেকেই শিশুদের তথ্য সংগ্রহ ও নিবন্ধনের উদ্যোগ নেওয়া হতে পারে। এর মাধ্যমে অল্প বয়স থেকেই নাগরিকদের জাতীয় পরিচয়সংক্রান্ত তথ্য সংরক্ষণের সুযোগ তৈরি হবে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ‘জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি প্রয়োগ কমিটি’র সভাপতি ও নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ বিষয়ে একটি কর্মশালা আয়োজনের নির্দেশনা দিয়েছেন। কর্মশালায় আলোচনা ও পর্যালোচনার ভিত্তিতে সুপারিশ তৈরি করে উপস্থাপনের জন্য এনআইডি মহাপরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে।
বর্তমানে ১৭ বছর বয়স থেকে জাতীয় পরিচয়পত্রের সেবা দিয়ে আসছে নির্বাচন কমিশন। তবে এর চেয়ে কম বয়সি নাগরিকদেরও এনআইডি নিবন্ধনের আওতায় আনার দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন বিভিন্ন মহল। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে সেই দাবি পূরণের পথ তৈরি হতে পারে।
এদিকে সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন।
শিশুদের এনআইডি নিবন্ধনের প্রস্তাবটি এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে। কর্মশালার আলোচনা ও সুপারিশের পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে ৬ থেকে ১৬ বছর বয়সিদের নিবন্ধন কার্যক্রম কবে শুরু হবে, তা এখনো নিশ্চিত নয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- প্রবাসীর সন্তানেরা পাবে শিক্ষাবৃত্তি, জানুন আবেদন পদ্ধতি
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ