×

ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন ৩৩ হাজারের বেশি শিক্ষার্থীর

২০২৬ নভেম্বর ২৩ ১৫:৫৭:৩৭

এইচএসসি পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন ৩৩ হাজারের বেশি শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর ১১টি শিক্ষা বোর্ডে ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী। সোমবার (২৩ নভেম্বর) শিক্ষাবোর্ড থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিক্ষা বোর্ডগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র যাচাই করে আবেদনকারীদের ১১ দশমিক ৪৫ শতাংশের ফল পরিবর্তন করা হয়েছে। বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ফল পরিবর্তন হয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে।

পরিসংখ্যান অনুযায়ী, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ১৮ হাজার ৮৭০ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেন। তাঁদের মোট ৭১ হাজার ৭৬২টি উত্তরপত্র যাচাই করা হয়। এতে ৮ হাজার ৩৩৯ জনের ফল পরিবর্তন হয়েছে, যা আবেদনকারীদের ৪৪ দশমিক ১৯ শতাংশ। ফল পরিবর্তনের সংখ্যার দিক থেকে এ বোর্ড সবার শীর্ষে রয়েছে।

এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে ৮১ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী আবেদন করেন। তাঁদের ৩ লাখ ৩৫ হাজার ৮৮১টি উত্তরপত্র পুনর্নিরীক্ষা করে ৫ হাজার ৮৫৩ জনের ফল পরিবর্তন করা হয়েছে। আবেদনকারীদের মধ্যে ফল পরিবর্তনের হার ৭ দশমিক ১৬ শতাংশ।

এ ছাড়া কুমিল্লা বোর্ডে ২৫ হাজার ১৯৩ জন আবেদনকারীর মধ্যে ৩ হাজার ৬৫ জনের, রাজশাহী বোর্ডে ৩১ হাজার ৩৬৪ জনের মধ্যে ৭৭৯ জনের, যশোর বোর্ডে ২৬ হাজার ২৭৭ জনের মধ্যে ১ হাজার ৯০৯ জনের, চট্টগ্রাম বোর্ডে ২৭ হাজার ১২৪ জনের মধ্যে ২ হাজার ৪৩ জনের এবং বরিশাল বোর্ডে ১২ হাজার ২৯৩ জনের মধ্যে ২ হাজার ৭৭২ জনের ফল পরিবর্তন হয়েছে।

অন্য বোর্ডগুলোর মধ্যে সিলেটে ১৪ হাজার ৪৪৩ জন আবেদনকারীর মধ্যে ১ হাজার ৩৫৩ জনের, দিনাজপুরে ২৪ হাজার ৫৩১ জনের মধ্যে ২ হাজার ২৪৮ জনের, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১১ হাজার ৮৮২ জনের মধ্যে ১ হাজার ১২৮ জনের এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে (বিটিইবি) ১৭ হাজার ৪৪০ জন আবেদনকারীর মধ্যে ৩ হাজার ৮৬০ জনের ফল পরিবর্তন হয়েছে।

ফল পরিবর্তনের হারের দিক থেকে ময়মনসিংহ বোর্ডের পরেই রয়েছে বরিশাল বোর্ড। এ বোর্ডে ফল পরিবর্তনের হার ২২ দশমিক ৫৫ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে এ হার ২২ দশমিক ১৩ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে কম ফল পরিবর্তন হয়েছে রাজশাহী বোর্ডে। এ বোর্ডে আবেদনকারীদের মাত্র ২ দশমিক ৪৮ শতাংশের ফল পরিবর্তন হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত