×

ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

পিরোজপুরে নতুন ‘আউয়াল-মালেক’ হতে দেওয়া হবে না: মাসুদ সাঈদী

২০২৬ অক্টোবর ০৯ ২১:৫৪:৫০

পিরোজপুরে নতুন ‘আউয়াল-মালেক’ হতে দেওয়া হবে না: মাসুদ সাঈদী

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরে আবারও সন্ত্রাস ও চাঁদাবাজির বিস্তার ঘটছে বলে মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। জেলা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়াল ও পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মালেকের প্রসঙ্গ টেনে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পিরোজপুরের মাটিতে নতুন করে কোনো ‘আউয়াল-মালেক’ তৈরি হতে দেওয়া হবে না।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে পিরোজপুরে জামায়াতে ইসলামীর জেলা রুকন সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাসুদ সাঈদী বলেন, পিরোজপুরে অনেকে নতুন করে আউয়াল ও মেয়র মালেকের মতো হতে চান। তবে কাউকে আর সেই সুযোগ দেওয়া হবে না। পিরোজপুরের মানুষকে সঙ্গে নিয়ে সন্ত্রাসমুক্ত, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। জামায়াতে ইসলামীর উন্নয়নমুখী ও ইতিবাচক রাজনীতির মাধ্যমেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

বিরোধী দল হিসেবে সরকারের গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশকে অগ্রগতির পথে এগিয়ে নেওয়ার প্রত্যয়ও জানান মাসুদ সাঈদী। তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দেশকে সমৃদ্ধির পথে নিতে বিভিন্ন দিকনির্দেশনামূলক কর্মসূচি দিচ্ছেন। বিরোধী দলে থেকেও কার্যকর ছায়া সরকার হিসেবে দায়িত্ব পালন করে বাংলাদেশকে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড় করানো সম্ভব হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে সম্মেলনে ২০২৭-২৮ সেশনের জন্য পিরোজপুর জেলা আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে জেলার ৬৭২ জন নারী ও পুরুষ রুকন গোপন ব্যালটের মাধ্যমে তাঁদের ভোট দেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জেলা মজলিসে শূরা ও কেন্দ্রে প্রতিনিধি নির্বাচনের জন্য এ ভোটের আয়োজন করা হয়েছে। জামায়াতে ইসলামী দীর্ঘ ৮৫ বছর ধরে নিয়মতান্ত্রিক ও অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন করে আসছে। এখানে ভোটের জন্য প্রচার-প্রচারণা চালানোর প্রয়োজন হয় না; দলাদলি বা গ্রুপিংয়েরও সুযোগ নেই। তাঁর ভাষায়, এটি একটি সুশৃঙ্খল ও আদর্শিক দলের অনন্য দৃষ্টান্ত।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক এবং পটুয়াখালী জেলার সাবেক আমির ও বরিশাল অঞ্চল টিমের সদস্য।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত