×

ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

রাষ্ট্র পুনর্গঠনে ওলামাদের সম্পৃক্ত করতে হবে: চরমোনাই পীর

২০২৬ অক্টোবর ০৮ ১৬:৫২:০৭

রাষ্ট্র পুনর্গঠনে ওলামাদের সম্পৃক্ত করতে হবে: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, চরমোনাই পীর বলেছেন, এ অঞ্চলের ইতিহাসে প্রতিটি পটপরিবর্তনে ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কিন্তু পরে রাষ্ট্র পুনর্গঠনের কাজে তাঁদের যুক্ত করা হয়নি। ফলে যে প্রত্যাশা নিয়ে মানুষ জীবন ও রক্ত দিয়ে পটপরিবর্তন ঘটায়, তা পূরণ হয় না।

তিনি বলেন, ওলামাদের রক্ত-ঘামে অর্জিত পটপরিবর্তনের পর রাষ্ট্র পুনর্গঠনে তাঁদের অবহেলা করার ফল কখনো ভালো হয়নি। তাই জুলাই গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠনের কাজে ওলামায়ে কেরামকে সম্পৃক্ত করতে হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত ন্যাশনাল ওলামা সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ডেঙ্গু ও হামে শত শত মানুষের মৃত্যু হলেও সরকারের মধ্যে কোনো ধরনের তৎপরতা দেখা যাচ্ছে না। মানুষের দুর্ভোগ কমাতেও সরকারের উদাসীনতা লক্ষ করা যাচ্ছে। একের পর এক দাম বাড়িয়ে সব সংকট মানুষের ওপর চাপিয়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।

তিনি বলেন, ‘দাম বাড়িয়ে সংকট সমাধান না করে সমস্যার গভীরে গিয়ে সমাধানের চেষ্টা করুন।’

সামিটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সহস্রাধিক ওলামা-মাশায়েখ অংশ নেন। সকাল ৯টায় ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে সম্মেলন শুরু হয়। দুপুরে দেশের চলমান পরিস্থিতিতে ওলামা-মাশায়েখদের করণীয় বিষয়ে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির।

সম্মেলন শেষে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির কেন্দ্রীয় সভাপতি করা হয়েছে মুফতি মিজানুর রহমান সাঈদকে। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন ড. এএফএম খালিদ হোসাইন, সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মুফতি শামসুদ্দোহা আশরাফীকে।

অনুষ্ঠানে মুনাজেরে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াত আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ড. এএফএম খালিদ হোসাইন, আল্লামা ইয়াহইয়া মাহমুদ, হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আহমাদ আলী কাসেমী, মুফতি মোহাম্মদ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মুফতি লুৎফুর রহমান ফরায়েজী, মুফতি রেজাউল করীম আবরার ও মুফতি শামসুদ্দোহা আশরাফীসহ উলামা-মাশায়েখ নেতারা উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত