ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
লিফট শুধু আমাদের জন্য নষ্ট থাকে: পলক
নিজস্ব প্রতিবেদক: মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আদালতে হাজির হয়ে লিফট চালু থাকা সত্ত্বেও তাঁকে সিঁড়ি দিয়ে ছয়তলায় নেওয়ার অভিযোগ করেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। শুনানি শেষে আদালত থেকে নামানোর সময়ও ক্ষোভ প্রকাশ করে তিনি সাংবাদিকদের বলেন, ‘লিফট শুধু আমাদের জন্য নষ্ট থাকে।’
আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলমের আদালতে এ শুনানি হয়। সকাল ৯টা ৪০ মিনিটে কারাগার থেকে প্রিজন ভ্যানে পলককে আদালতে এনে হাজতখানায় রাখা হয়। পরে ১১টা ১০ মিনিটে তাঁকে হাজতখানা থেকে এজলাসে নেওয়া হয়। শুনানি শেষ হওয়ার পর ১২টা ৩ মিনিটে আবার তাঁকে হাজতে রাখা হয়।
সকালের শুনানিতে আদালতের লিফট চালু থাকার পরও তাঁকে সিঁড়ি দিয়ে ছয়তলায় এজলাসে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন পলক। তিনি আদালতের কাছে মানবিক দিক বিবেচনা করে হাতকড়া সামনে দেওয়ার ব্যবস্থা করার অনুরোধ জানান। পলক বলেন, ‘মাননীয় আদালত, এটা কী ধরনের সিস্টেম? লিফট চালু দেখলাম, তারপরও হাতকড়া পেছনে দিয়ে আমাকে ছয়তলায় সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে। আদালতের কাছে আমার অনুরোধ, মানবিক দিক বিবেচনায় রেখে হাতকড়া সামনে দেওয়ার ব্যবস্থা করা হোক।’
এ সময় সরকারি কৌঁসুলিকে (পিপি) উদ্দেশ করে বিচারককে পলক বলেন, ‘মাননীয় আদালত, পিপি সাহেবের মনে রাখা উচিত, তাঁর ওই স্থান থেকে আমার এই স্থানের দূরত্ব বেশি নয়।’
জবাবে বিচারক পলককে বলেন, ‘এটা তো আপনাদের নিরাপত্তার জন্যই।’ তখন পলক বলেন, ‘হাতকড়া সামনের দিকে রাখলেই হয়।’
সংশ্লিষ্ট আদালতের পিপি আনিসুর রহমান বলেন, পলক মূলত হুমকি দেওয়ার চেষ্টা করেছেন। তাঁর ভাষ্য, কারাবিধি ও আদালতের নিয়ম মেনেই পলককে আদালতে তোলা হয়েছে এবং এতে আইনের কোনো লঙ্ঘন হয়নি।
আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী বলেন, ‘ওনার সঙ্গে অন্যায় হয়েছে। লিফট বন্ধ করে হাত পিছে দিয়ে হ্যান্ডকাফ পরানো হয়েছে। এতে সিঁড়ি দিয়ে ওঠার সময় পড়ে যাওয়ার আশঙ্কা থাকে।’ পলকের বক্তব্যের ব্যাখ্যায় তিনি বলেন, ‘তিনি (পলক) বলেছেন, আমি (পলক) যে জায়গায় আছি আর পিপি সাহেব যে জায়গায় আছেন, এটা বেশি দূরে নয়। এটা দ্বারা অবস্থার পরিবর্তনকে বুঝিয়েছেন।’
শুনানি শেষে আদালত থেকে নামানোর সময়ও পলককে সিঁড়ি দিয়ে হেঁটে নামতে দেখা যায়। তখন সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘লিফট শুধু আমাদের জন্য নষ্ট থাকে।’
এ মামলায় আসামির সংখ্যা ৩৪ জন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন মো. হোসেন। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন। সেদিন গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহত হোসেনের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।
২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- বেসরকারি মাদ্রাসার শিক্ষকদের সেপ্টেম্বরের বেতন-ভাতার চেক ছাড়
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার