ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
মেসির বিদায়ে ভবিষ্যৎ নিয়ে যা জানালেন স্কালোনি
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির এক অবিস্মরণীয় অধ্যায়ের সমাপ্তির আবেগঘন রাতেই জাতীয় দলের কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিত দিয়েছেন লিওনেল স্কালোনি। কিংবদন্তির বিদায়ী ম্যাচ ঘিরে আবেগের সেই রাতে তার ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে আলোচনা।
বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে প্রীতি ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। তবে ম্যাচের ফল ছাপিয়ে আলোচনার মূল বিষয় ছিল আলবিসেলেস্তেদের জার্সিতে মেসির শেষ ম্যাচ।
মেসির বিদায়ের পর স্বাভাবিকভাবেই সামনে এসেছে আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির থাকা না-থাকার প্রশ্ন। ম্যাচ শেষে নিজের ভবিষ্যৎ এবং মেসিকে নিয়ে কথা বলেন বিশ্বকাপজয়ী এই কোচ।
স্কালোনি বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আমি কোচিং চালিয়ে যাব। মেসি যে উত্তরাধিকার রেখে যাচ্ছে, তা অবিশ্বাস্য। এটাই আমি সঙ্গে করে নিয়ে যাব। মাঠে তার মতো আর কখনোই কিছু থাকবে না। তার প্রতি আমরা চিরকাল কৃতজ্ঞ।’
আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হবে। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাকে আরও একটি বিশ্বকাপ চক্রের জন্য দায়িত্বে রাখতে চায়। এখনো অবশ্য চুক্তি নবায়নের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
নিজের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে স্কালোনি বলেন, ‘এখনো কোনো আপডেট নেই।’
মেসিকে ছাড়া আর্জেন্টিনাকে যে নতুন ও কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে, সেটিও স্বীকার করেছেন স্কালোনি। তার মতে, এখন তরুণ খেলোয়াড়দের নিয়ে নতুন করে দল গড়ে তুলতে হবে।
তিনি বলেন, ‘কঠিন হতে যাচ্ছে। সে নিজেও এটা বলেছে। গত কয়েক বছরে আমরা যা পেয়েছি, সেটা স্বাভাবিক কোনো বিষয় নয়। সামনে কঠিন সময় আসতে পারে। তবে আমরা সেগুলোর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। নতুন ও তরুণ খেলোয়াড়রা আসবে, তারা আমাদের অনেক কিছু দেবে।’
মেসির মতো একজন খেলোয়াড়কে পাশে পাওয়ার অভিজ্ঞতার সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না বলেও উল্লেখ করেন স্কালোনি। তার ভাষায়, ‘আপনার পাশে তাকে পাওয়ার অনুভূতির সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। মানুষকে এটা বোঝানো খুব কঠিন। এটা অনুভব করতে হয়। এটা তুলনাহীন।’
আর্জেন্টাইন কোচ মনে করেন, মেসির শূন্যতা পূরণ করা সম্ভব নয়। নতুন খেলোয়াড়দের নিয়ে শক্তিশালী দল গড়া গেলেও মেসির মতো প্রভাব অন্য কারও মধ্যে তিনি দেখেননি।
স্কালোনি বলেন, ‘আমরা যতই দল পুনর্গঠন করি, নতুন যারা আসছে তাদের নিয়ে দারুণ একটি দল গড়ে তুলতে পারি। কিন্তু অন্য কারও মধ্যে আমি কখনো সেই আভা দেখিনি।’
মাঠে মেসি যে বিশেষ প্রভাব তৈরি করতেন, সেটি আর থাকবে না বলেও মনে করেন স্কালোনি। তবে সেই শূন্যতার মধ্যেই নতুন পথ ও নতুন অস্ত্র খুঁজে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন তিনি।
‘সে যা তৈরি করত, সেটা আর থাকবে না। আমরা নতুন কিছু উপায় খুঁজব, নতুন অস্ত্র খুঁজব। কিন্তু সেই অনুভূতিটা আর থাকবে না। তাকে উপভোগ করতে পারাটা ছিল অসাধারণ। এখন তাকে ছাড়া আমাদের এগিয়ে যেতে হবে,’ বলেন স্কালোনি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- বেসরকারি মাদ্রাসার শিক্ষকদের সেপ্টেম্বরের বেতন-ভাতার চেক ছাড়
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- আজকের নামাজের সময়সূচি (১ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল