ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
যুক্তরাজ্যের ঘাঁটি থেকে সব বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে সব বোমারু বিমান সরিয়ে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। ঘাঁটির কাছে সম্প্রতি কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে আটকের ঘটনার তদন্ত চলার মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করছে যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী পুলিশ।
রোববার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, আরএএফ ফেয়ারফোর্ড থেকে প্রায় এক ডজন বি-১ বোমারু বিমানসহ সব বোমারু বিমান যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হয়েছে। তবে বিমানগুলো সরিয়ে নেওয়ার সুনির্দিষ্ট কারণ জানায়নি যুক্তরাষ্ট্র।
এর আগে ২৭ সেপ্টেম্বর আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটির কাছে তিনটি ‘সন্দেহজনক যানবাহনের’ খবর পায় পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় সেখান থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। বিস্ফোরক-সংক্রান্ত অপরাধের সন্দেহে তাদের আটক করা হয়েছিল। তবে পরে তাদের জামিনে ছেড়ে দেওয়া হয়। এরপর যুক্তরাজ্য ও ইরানের দ্বৈত নাগরিকত্ব থাকা আরও একজনকে গ্রেপ্তার করা হলেও তাকেও জামিন দেওয়া হয়েছে।
ঘটনার কয়েকদিন পর এতে ইরানের সম্পৃক্ততার জোরালো ইঙ্গিত রয়েছে বলে অভিযোগ করেছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। তবে নিজের দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ হাজির করেননি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, এতে ‘স্পষ্টভাবেই কোনো বিদেশি পক্ষের হাত রয়েছে’। সন্দেহভাজনদের জামিনে ছেড়ে দেওয়ার ঘটনায় ‘বিস্মিত’ হওয়ার কথাও জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ঘাঁটি থেকে বিমান সরিয়ে নেওয়ার সিদ্ধান্তটি ওই ঘটনার প্রতিক্রিয়ায় নেওয়া হয়েছে—এমন সম্ভাবনা হোয়াইটহলের সূত্রগুলো অস্বীকার করেনি। বিবিসির তথ্য অনুযায়ী, এটি রাজনৈতিক নয়, বরং সামরিক সিদ্ধান্ত। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইটগুলোর তথ্যেও দেখা গেছে, রোববার বি-১ বোমারু বিমানগুলো আরএএফ ফেয়ারফোর্ড ছেড়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড্ডয়ন করেছে।
বহু দশক ধরে আরএএফ ফেয়ারফোর্ডকে অগ্রবর্তী সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে হামলা চালানোর জন্যও এ ঘাঁটি থেকে বি-১ ও বি-৫২ বোমারু বিমান পাঠানো হয়েছিল। ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটিটি ব্যবহারের অনুমতি দেওয়ার পর এসব অভিযান চালানো হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- আইএফআইসি ব্যাংকের অনুদান-বৃত্তি পেলেন ঢাবির ৮০ শিক্ষার্থী
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা