×

ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

৩–৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন পরিশোধের দাবি আখতার হোসেনের

২০২৬ অক্টোবর ০৪ ১২:৩৫:৩৩

৩–৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন পরিশোধের দাবি আখতার হোসেনের

নিজস্ব প্রতিবেদক: অবসরের তিন থেকে ছয় মাসের মধ্যে শিক্ষকদের পেনশনের সব টাকা পরিশোধের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তাঁর মতে, চাকরিজীবনে বেতন থেকে কেটে রাখা অর্থ এবং অবসরকালীন কল্যাণ ও পেনশন বাবদ শিক্ষকদের পাওনা পেতে ছয়-সাত বছর অপেক্ষা করানো উচিত নয়।

গতকাল শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুর কবির মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘শিক্ষকদের সামাজিক সুরক্ষা ও প্রভাবমুক্ত শিক্ষাঙ্গন গড়তে করণীয়’ শীর্ষক সভাটির আয়োজন করে বেসরকারি শিক্ষক অ্যালায়েন্স (বিএসএ)।

আখতার হোসেন বলেন, ‘আমাদের শিক্ষকেরা যে পেনশনের টাকাটা পান, এটা তো তাঁরা পাবেন-এটা নিশ্চিত। কারণ তাঁরা চাকরি করেছেন এবং তাঁদের বেতন থেকে একটা অংশ কেটে রাখা হয়েছে।’

তিনি বলেন, অবসর নেওয়ার পর শিক্ষকদের নিজেদের পাওনা অর্থ পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এ কারণে অবসরের পর যত দ্রুত সম্ভব তাঁদের প্রাপ্য অর্থ পরিশোধের ব্যবস্থা করা দরকার।

চাকরিজীবনে শিক্ষকেরা যে অর্থ জমা দিয়েছেন এবং অবসরকালীন কল্যাণ ও পেনশন হিসেবে যে অর্থ তাঁদের পাওয়ার কথা, তা পেতে ছয়-সাত বছর অপেক্ষা করতে হওয়াকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন আখতার হোসেন। তিনি বলেন, অবসরের তিন থেকে ছয় মাসের মধ্যেই শিক্ষকদের পেনশনের সব টাকা বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত