×

ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

‘আখতারুজ্জামান জামায়াতের আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক’

২০২৬ অক্টোবর ০৩ ০৮:৫১:২৮

‘আখতারুজ্জামান জামায়াতের আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক’

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে যোগ দেওয়ার পর মেজর (অব.) আখতারুজ্জামানের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে তাকে ‘জামায়াতের আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক’ বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। শুক্রবার (২ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আবু হানিফ তার পোস্টে বলেন, বিমানবন্দরে যাত্রী হয়রানি পুরোনো ঘটনা। এ হয়রানি বন্ধে সরকারকে উদ্যোগ নিতে হবে। গত বৃহস্পতিবার বিমানবন্দরে জামায়াত নেতা আখতারুজ্জামান যে আচরণ করেছেন, সেটি প্রতিবাদের কোনো ভাষা হতে পারে না। তার আচরণ খুবই উগ্র ছিল, যা কোনোভাবেই কাম্য নয়। সেদিনের যাত্রী হয়রানির ঘটনায় জড়িত দুই কর্মকর্তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেওয়ায় তিনি সরকারকে ধন্যবাদ জানান।

একই সঙ্গে বিমানবন্দরে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে উগ্র আচরণ এবং সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় আখতারুজ্জামানকেও ডিবি আটক করেছে বলে উল্লেখ করেন আবু হানিফ। তার দাবি, আখতারুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনকে ‘রাজাকারদের আন্দোলন’ বলেছিলেন। তার বলার ধরন বরাবরই উগ্র বলেও মন্তব্য করেন তিনি। এ সময়ের ভিডিও দেখলে বিষয়টি বোঝা যাবে বলে উল্লেখ করেন আবু হানিফ।

পোস্টে তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে ‘রাজাকারদের আন্দোলন’ বলা সেই ‘আওয়ামী বয়ানকারী’ আখতারুজ্জামান জামায়াতে যোগ দেওয়ার পর মনে হচ্ছে পবিত্র হয়ে গেছেন। তার ভাষ্য, জামায়াতের নীতি এমন যে, যত খারাপ লোকই হোক, তাদের দলে যোগ দিলে সব জায়েজ।

আবু হানিফের দাবি, জামায়াতের আমিরের হাত ধরে আখতারুজ্জামান দলে যোগ দেন এবং দলটির বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে সামনের সারিতে বসে বক্তব্য দিতেন। আখতারুজ্জামানকে আটকের পর বিভিন্ন জায়গায় তার মুক্তির দাবিতে জামায়াত কর্মসূচি পালন করেছে বলেও উল্লেখ করেন তিনি। তবে ‘নিরপেক্ষ জামাতিরা’ প্রশ্ন তুলছেন, মিডিয়া কীভাবে আখতারুজ্জামানকে জামায়াতের নেতা হিসেবে উল্লেখ করছে—এমন কথাও পোস্টে বলেন আবু হানিফ।

পোস্টের শেষাংশে আবু হানিফ বলেন, আখতারুজ্জামানের জুলাই আন্দোলনের সময়কার বক্তব্য এবং বিভিন্ন সময়ের বক্তব্য পর্যালোচনা করলেই তার রাজনৈতিক অবস্থান বোঝা যাবে। তার ভাষায়, ‘আখতারুজ্জামান হচ্ছেন জামায়াতের আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক।’

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত