×

ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোটের প্রস্তাব বিএনপির

২০২৬ সেপ্টেম্বর ২৭ ১৯:১৫:৫২

সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোটের প্রস্তাব বিএনপির

নিজস্ব প্রতিবেদক: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানসহ সংবিধানের আরও দুটি অনুচ্ছেদ সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান রাখার প্রস্তাব বিএনপি দিয়েছিল বলে জানিয়েছেন সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর ভাষ্য, ভবিষ্যতে কোনো সংসদ যাতে এসব বিধান সংশোধন করতে না পারে, সে লক্ষ্যেই সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলো গণভোটের আওতায় আনার প্রস্তাব করা হয়েছিল।

রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির তৃতীয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

সভায় দেশের জাতীয় দৈনিকগুলোর সম্পাদক, বিভিন্ন সাংবাদিক ফোরামের প্রতিনিধি এবং বিশিষ্ট সাংবাদিকেরা অংশ নেন। সংবিধান সংশোধনের বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত ও প্রস্তাব নেওয়া হয়। কমিটির সভাপতি জানান, অংশগ্রহণকারীদের অনেকেই তাঁদের প্রস্তাব লিখিতভাবে দেওয়ার কথা জানিয়েছেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আজকের মতবিনিময় সভায় জাতীয় দৈনিকের সম্পাদক, বিভিন্ন সাংবাদিক ফোরামের প্রতিনিধি ও বিশিষ্ট সাংবাদিকেরা অংশ নিয়েছেন। সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে বিভিন্ন অনুচ্ছেদ ও তফসিল নিয়ে তাঁরা মতামত ও প্রস্তাব দিয়েছেন। তাঁদের লিখিত প্রস্তাবও দিতে বলা হয়েছে। এসব মতামত কমিটিতে আলোচনা করে চূড়ান্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে।

বিরোধী দলের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বারবারই তাদের আহ্বান জানিয়েছি এবং আহ্বান জানাই। তারা যখনই এই কমিটিতে যোগদান করবেন, আমরা স্বাগত জানাব। আপনাদের যে সমস্ত বক্তব্য আছে, সেগুলো নিয়ে আলোচনা হবে। আলোচনার প্রেক্ষিতে যেগুলো গ্রহণযোগ্য, সবার মতামতের ভিত্তিতে আমরা গ্রহণ করব।’ তিনি বলেন, বিরোধী দল আলোচনায় অংশ নিলে ভালো হতো। তাহলে দলের পক্ষ থেকে উচ্চারিত অনেক বিষয়ও তাঁরা ধারণ করতে পারতেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা চাই আমাদের মধ্যে পক্ষ থাকুক, বিভক্তি না।’ জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই তা বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। এর বাইরে যেসব বিষয় আলোচনায় আসেনি বা বাদ পড়েছে, সেগুলোও ঐকমত্যের ভিত্তিতে গ্রহণ করতে চান তাঁরা।

জুলাই জাতীয় সনদ ও বিএনপির নির্বাচনী ইশতেহারের অগ্রাধিকার প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, প্রায়োরিটি হচ্ছে জুলাই জাতীয় সনদ। তবে তাঁদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করা এবং সেই অনুযায়ী ম্যান্ডেট পাওয়া বিষয়গুলোও ধারণ করা হবে।

গণভোটের বিষয়ে তিনি বলেন, সংবিধানের নির্দিষ্ট কিছু অনুচ্ছেদ সংশোধনের ক্ষেত্রে গণভোটের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। বিএনপির পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানসহ আরও দুটি অনুচ্ছেদ গণভোটের আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়েছিল। এর উদ্দেশ্য ছিল, ভবিষ্যতে কোনো সংসদ এসব বিধান পরিবর্তন করতে চাইলে যেন জনগণের অনুমোদন নিতে হয়।

তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি যেহেতু আমরা একমত হয়েছি, আমরা ধারণ করব। ভবিষ্যতে কোনো পার্লামেন্ট অ্যামেন্ডমেন্ট করে সেটা পরিবর্তন করতে গেলে যেন গণভোটে যেতে হয়, এই চারটা বিধানের সঙ্গে এই দুইটা অন্তর্ভুক্ত করার জন্য একমত হয়েছিল। এটা বিএনপির পক্ষ থেকে প্রস্তাব ছিল।’

সালাহউদ্দিন জানান, সংবিধান সংশোধনী বিল সংসদে পাস হওয়ার পর যেসব অনুচ্ছেদের ক্ষেত্রে গণভোটের প্রয়োজন হবে, রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে সেসব বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে।

বিশেষ কমিটির প্রতিবেদন নিয়ে তিনি বলেন, ডিসেম্বরের ভিতরে প্রতিবেদনটি পার্লামেন্টে উপস্থাপনের জন্য তাঁরা জোর প্রচেষ্টা চালাচ্ছেন। এরপর ওই প্রতিবেদনের ভিত্তিতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিল আসবে। তিনি আশা প্রকাশ করেন, বছরের প্রথম অধিবেশন জানুয়ারি সেশনে বিলটি আসবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত