×

ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

সিনেমা দেখলে কমতে পারে বয়স বাড়ার গতি

২০২৬ সেপ্টেম্বর ২১ ১২:০৮:১০

সিনেমা দেখলে কমতে পারে বয়স বাড়ার গতি

ডুয়া ডেস্ক: সিনেমা দেখা, গান শোনা, বই পড়া কিংবা গ্যালারি-মিউজিয়ামে যাওয়ার মতো সাংস্কৃতিক কর্মকাণ্ড শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এগুলোর সঙ্গে স্বাস্থ্যকর বার্ধক্যেরও সম্পর্ক থাকতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকা মানুষের জৈবিক বার্ধক্য বা বায়োলজিক্যাল এজিংয়ের গতি তুলনামূলক কম হওয়ার প্রবণতা রয়েছে।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) গবেষকেরা মার্কিন যুক্তরাজ্যের ৩,৫৫৬ জন প্রাপ্তবয়স্কের তথ্য বিশ্লেষণ করেছেন। সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভ্যাসের তথ্যের পাশাপাশি তাঁদের রক্তের নমুনাও পরীক্ষা করা হয়। ডিএনএতে বয়সের সঙ্গে সম্পর্কিত কিছু রাসায়নিক পরিবর্তন বিশ্লেষণের মাধ্যমে জৈবিক বয়স এবং বয়স বাড়ার গতি সম্পর্কে ধারণা পাওয়ার চেষ্টা করেন গবেষকেরা।

ফলাফলে দেখা গেছে, নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে বয়স বাড়ার গতি তুলনামূলক কম হওয়ার প্রবণতা রয়েছে। তবে এর অর্থ সপ্তাহে এক দিন সিনেমা দেখলেই সরাসরি আয়ু বেড়ে যাবে এমন সিদ্ধান্তে আসার সুযোগ নেই। গবেষণাটি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জৈবিক বার্ধক্যের গতির সম্পর্কই তুলে ধরেছে।

গবেষণায় শুধু সিনেমা দেখার প্রভাব আলাদাভাবে পরিমাপ করা হয়নি। বিভিন্ন ধরনের শিল্প ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সামগ্রিকভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। গবেষকদের মতে, নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার ফলে মানসিক চাপ কমা, সামাজিক যোগাযোগ বাড়া এবং মস্তিষ্কের সক্রিয়তা বজায় থাকার মতো বিভিন্ন বিষয় স্বাস্থ্যকর বার্ধক্যের সঙ্গে সম্পর্কিত হতে পারে। তাঁদের বক্তব্য, কিছু ক্ষেত্রে শিল্প ও সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকার প্রভাব শরীরচর্চার সঙ্গে তুলনীয় হতে পারে।

তাহলে সিনেমাকে কি ‘অ্যান্টি-এজিং’ ওষুধ বলা যায়? গবেষণাটি পর্যবেক্ষণমূলক হওয়ায় সিনেমা দেখা বা অন্য কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডই বয়স বাড়ার গতি কমার সরাসরি কারণ এ কথা বলা যায় না। গবেষণায় আর্থ-সামাজিক পরিস্থিতি, শিক্ষা, আয়, ধূমপান ও বিএমআইয়ের মতো বিভিন্ন বিষয়ও বিবেচনায় নেওয়া হয়েছিল। এরপরও গবেষকেরা মনে করছেন, স্বাস্থ্যকর জীবনযাপনের অংশ হিসেবে শিল্প ও সংস্কৃতির সঙ্গে নিয়মিত যোগাযোগকে গুরুত্ব দেওয়ার যথেষ্ট কারণ রয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত