ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
নতুন নামে আসছে পিইডিপি-৫, ১৫ বছর মেয়াদি পরিকল্পনার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) নতুন নামে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিটির নতুন নাম নির্ধারণের প্রস্তাব করা হয়েছে ‘সবার আগে প্রাথমিক শিক্ষা: জাতীয় রূপান্তর কর্মসূচি-১’ (Primary Education Before All: National Transformation Programme-1—PEBA: NTP-1)। প্রাথমিক শিক্ষাকে জাতীয় উন্নয়নের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে প্রতিষ্ঠা এবং এ খাতে গুণগত ও কাঠামোগত পরিবর্তন নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক সেন্টার ফর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টে (বিসিডিএম) আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও বিশ্বব্যাংকের যৌথ আয়োজনে ‘ন্যাশনাল ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি ফ্রেমওয়ার্ক’ শীর্ষক স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপে তিনি বক্তব্য দেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘সবার আগে প্রাথমিক শিক্ষা’ কেবল একটি কর্মসূচির নাম নয়, বরং প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের অগ্রাধিকার ও জাতীয় অঙ্গীকারের প্রতিফলন। প্রাথমিক শিক্ষার গুণগত ও কাঠামোগত রূপান্তর নিশ্চিত করতে ১৫ বছর মেয়াদি একটি সমন্বিত জাতীয় কৌশলগত রূপরেখা প্রণয়ন করতে হবে। এ ক্ষেত্রে সংস্কার হতে হবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, গবেষণা, তথ্য-প্রমাণ ও বাস্তব অভিজ্ঞতানির্ভর।
এ জন্য জাতীয় পর্যায়ে ১৫ বছর মেয়াদি একটি কাঠামো প্রণয়নের পাশাপাশি তিন, পাঁচ, সাত ও দশ বছর মেয়াদি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণের ওপর গুরুত্ব দেন তিনি। এতে প্রতিটি পর্যায়ে শিক্ষার্থীদের প্রকৃত শিখন-অগ্রগতি মূল্যায়ন এবং নেওয়া উদ্যোগের কার্যকারিতা পরিমাপ করা সম্ভব হবে বলে মনে করেন প্রতিমন্ত্রী।
প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য শুধু শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা নয়, বরং প্রতিটি শিশুর প্রকৃত শিখন, আনন্দময় শিক্ষা এবং নৈতিক ও মানবিক বিকাশ নিশ্চিত করা বলে মন্তব্য করেন ববি হাজ্জাজ। তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ‘লার্নিং হ্যাপিনেস’-এর ধারণাকে সামনে রেখে পাঠ্যক্রম, শ্রেণিকক্ষের কার্যক্রম, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও নৈতিক শিক্ষাকে সমন্বিতভাবে বিবেচনা করতে হবে। শিশুদের আনন্দের মধ্য দিয়ে শেখার পরিবেশ তৈরি করাই হতে হবে প্রাথমিক শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, সরকারি ও বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শিক্ষার মান ও সুযোগের বিদ্যমান ব্যবধান কমাতে সমন্বিত মানদণ্ড প্রয়োজন। প্রাক্-প্রাথমিক শিক্ষা, প্রাথমিক স্তরের শ্রেণিবিন্যাস, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিখন কাঠামো এবং শিক্ষাক্রমের ধারাবাহিকতা নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও নিবিড়ভাবে কাজ করতে হবে।
প্রাথমিক শিক্ষার পরিকল্পনা ও নীতিনির্ধারণে বিজ্ঞানভিত্তিক এবং তথ্য-প্রমাণনির্ভর পদ্ধতির ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শিখন ঘাটতি নিরূপণ, পুষ্টি, বিদ্যালয়ের অবকাঠামো, শ্রেণিকক্ষের পরিবেশ, আসবাবপত্র, স্যানিটেশন ও অন্যান্য শিখন-সহায়ক উপাদানের গুরুত্ব যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর তথ্য ব্যবস্থাপনা ও ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে মনিটরিং এবং জবাবদিহি আরও কার্যকর করতে হবে।
কর্মশালায় বিভিন্ন গ্রুপের উপস্থাপিত সুপারিশের বিষয়ে ববি হাজ্জাজ বলেন, এসব সুপারিশ যথাযথভাবে সংকলন করে সুনির্দিষ্ট প্রস্তাব আকারে নীতিনির্ধারকদের কাছে উপস্থাপন করতে হবে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, কর্মকর্তা ও উন্নয়ন সহযোগীদের সম্মিলিত জ্ঞান, অভিজ্ঞতা এবং গবেষণালব্ধ সুপারিশের ভিত্তিতে প্রাথমিক শিক্ষার জন্য একটি কার্যকর, বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদি জাতীয় রূপান্তর কাঠামো প্রণয়ন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কর্মশালায় সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহমদ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান। এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে বৈঠক প্রধানমন্ত্রী ও এরদোয়ানের
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা