×

ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধি দলীয়করণের অশুভ ইঙ্গিত: গোলাম পরওয়ার

২০২৬ সেপ্টেম্বর ১০ ১৩:২৭:২৪

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধি দলীয়করণের অশুভ ইঙ্গিত: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরির নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর সিদ্ধান্তকে দলীয়করণের ‘অশুভ ইঙ্গিত’ হিসেবে দেখছে জামায়াতে ইসলামী। দলটি এ সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে বিতর্কিত এ সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারি চাকরির নিয়োগে ভাইভার নম্বর অস্বাভাবিকভাবে বাড়ানোর সিদ্ধান্ত বিএনপি সরকারের নির্লজ্জ দলীয়করণের অশুভ ইঙ্গিত।

গত রবিবার ‘প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটি’র বৈঠকে সরকারি চাকরিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির (বেতন স্কেলের ১১-২০ গ্রেড) নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দাবি, নিয়োগ পরীক্ষায় প্রক্সি বা ভুয়া পরীক্ষার্থী ঠেকাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গোলাম পরওয়ারের অভিযোগ, বর্তমান সরকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় দলীয়করণ শুরু করেছে। পাবলিক বিশ্ববিদ্যালয়, সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও সচিবালয়ের গুরুত্বপূর্ণ পদে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

জামায়াতের এ নেতা মনে করেন, নিয়োগের ক্ষেত্রে নতুন এ সিদ্ধান্ত দুর্নীতির পথ খুলে দিতে পারে। তার মতে, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও মেধাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা ছিল জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা। অথচ সরকারি চাকরির নিয়োগব্যবস্থায় এমন বিধিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির সুযোগ তৈরি করতে পারে।

মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করে গোলাম পরওয়ার বলেন, ১১ থেকে ২০তম গ্রেডের চাকরিতে লিখিত ও মৌখিক পরীক্ষায় সমান ৫০ নম্বর রাখা অত্যন্ত উদ্বেগজনক। লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীর জ্ঞান, মেধা ও বিশ্লেষণী সক্ষমতা তুলনামূলকভাবে বস্তুনিষ্ঠভাবে যাচাই করা সম্ভব। বিপরীতে মৌখিক পরীক্ষার মূল্যায়ন অনেকাংশে বোর্ডের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ ও বিবেচনার ওপর নির্ভরশীল।

তার মতে, ভাইভার নম্বরের ওজন বাড়ানো হলে লিখিত পরীক্ষায় অর্জিত মেধা ও যোগ্যতার ফলাফল পরিবর্তনের সুযোগ তৈরি হবে। এতে যোগ্য প্রার্থীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে পারেন।

প্রক্সি, জালিয়াতি ও পরীক্ষায় অনিয়ম প্রতিরোধের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে জামায়াতের এ নেতা বলেন, এসব বন্ধের অজুহাতে ভাইভার নম্বর বাড়ানো গ্রহণযোগ্য সমাধান নয়। প্রযুক্তিনির্ভর পরীক্ষাব্যবস্থা, বায়োমেট্রিক যাচাই, কঠোর নজরদারি, প্রশ্নপত্রের নিরাপত্তা, ডিজিটাল মনিটরিং ও কঠোর শাস্তির মাধ্যমে অনিয়ম প্রতিরোধ করা সম্ভব।

বিবৃতিতে গোলাম পরওয়ার সরকারের প্রতি সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট বিধিমালা অবিলম্বে বাতিলের আহ্বান জানান। একই সঙ্গে রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি, অর্থের লেনদেন ও সুপারিশের সংস্কৃতি বন্ধ করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করার দাবি জানান তিনি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় বিশ্ববাজারে... বিস্তারিত