ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক: ৪৮ বছরে পা দিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত দলটি দীর্ঘ পথচলায় দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে তারেক রহমান বলেন, বিএনপির সাহস, সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের ৪৮ বছর পূর্তি দেশের মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার দিন। তিনি দলটির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা বটমূলের খোলা চত্বরে রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন।
তারেক রহমানের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে বিএনপির আত্মপ্রকাশ ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি উল্লেখ করেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি মানুষের বাকস্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার সীমিত করে একদলীয় ‘বাকশাল’ ব্যবস্থা চালু করা হয়েছিল। পরবর্তী সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে জিয়াউর রহমান গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনেন এবং নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ পুনর্বহাল করেন।
বিএনপির প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশে বহুদলীয় রাজনীতির নতুন পথ তৈরি হয়েছিল বলে দাবি করেন তারেক রহমান। প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। একই সঙ্গে দলের সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিও শ্রদ্ধা জানান।
তারেক রহমান বলেন, খালেদা জিয়া তার নেতৃত্ব ও ব্যক্তিত্বের মাধ্যমে বিএনপিকে দেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। তার ভাষ্য, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়ও বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে কাজ করেছে।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, তখন বিএনপির নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন। এ সময় অনেকে জীবন দিয়েছেন। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে দলটির প্রতিষ্ঠার পর থেকে যারা নিহত ও আহত হয়েছেন, তাদের অবদানের কথাও স্মরণ করেন তিনি।
বিএনপির চেয়ারম্যান বলেন, দেশের মানুষ যখনই অবাধ, সুষ্ঠু ও নির্ভয়ে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তখনই বিএনপি সরকার গঠন করেছে। বিভিন্ন সময়ে দলটির সরকার সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন, নারীশিক্ষার প্রসারসহ নানা উদ্যোগ নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তারেক রহমানের দাবি, গণতন্ত্র সুসংহত করা এবং অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে বিএনপির বিভিন্ন উদ্যোগের কারণে দলটি দেশবাসীর কাছে জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে। দীর্ঘ দেড় দশকের শাসন-শোষণের অবসানের পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ আবারও বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে তাদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে বিএনপি কাজ করছে বলে জানান তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশকে জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। একই সঙ্গে নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের জনগণের আস্থা অটুট রেখে দেশসেবায় নিয়োজিত থাকার আহ্বান জানান।
বিএনপি জনগণকেই দলের রাজনৈতিক ক্ষমতার মূল উৎস মনে করে উল্লেখ করে তারেক রহমান বলেন, জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রামের সঙ্গে বিএনপির পরিচয় গভীরভাবে জড়িয়ে আছে।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
কর্মসূচির প্রথম দিনে ১ সেপ্টেম্বর সকাল ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।
সকাল ৯টায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, দলের ভারপ্রাপ্ত মহাসচিব, কেন্দ্রীয় নেতারা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে যাবেন। সেখানে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি রয়েছে।
৫ সেপ্টেম্বর বেলা ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউশন-বাংলাদেশ মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের। দলের জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীরাও এতে অংশ নেবেন। এ উপলক্ষে একটি পোস্টারও প্রকাশ করবে দলটি।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিও রাখা হয়েছে। মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
এ ছাড়া ১ সেপ্টেম্বর সারাদেশের জেলা ও মহানগর বিএনপি এবং দলটির বিভিন্ন ইউনিট নিজেদের সুবিধাজনক সময়ে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- কুশিয়ারা ও খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- ইরানের বিরুদ্ধে ছেলেকে হত্যাচেষ্টার অভিযোগ নেতানিয়াহুর
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- অফিসে গুরুত্বপূর্ণ সহকর্মী হতে যে বিষয়গুলো মনে রাখবেন
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- টানা পতনে বিনিয়োগকারীদের হতাশা বাড়ছে, কার্যকর উদ্যোগের অভাবে তলানীতে বাজার
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার