ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের আমির ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করে একটি ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করেছে। দলটির শীর্ষ নেতাদের পাশাপাশি সংসদ সদস্য, কেন্দ্রীয় নেতা, বিভিন্ন খাতের বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক ছাত্রশিবির নেতাদের এই কাঠামোয় যুক্ত করা হয়েছে বলে জানা গেছে। শিগগির আনুষ্ঠানিকভাবে এর সদস্যদের নাম প্রকাশ করবে দলটি।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বিষয়টি জানান। তিনি বলেন, ছায়া মন্ত্রিসভা ইতোমধ্যে গঠন করা হয়েছে এবং এর সদস্যদের প্রশিক্ষণও চলছে। নির্দিষ্ট সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে সদস্যদের নাম প্রকাশ করা হবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, দলের নির্বাহী কমিটির সিদ্ধান্তে গত মাসে ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়। সরকারকে জবাবদিহির মধ্যে রাখার লক্ষ্যেই এ কাঠামো তৈরি করা হয়েছে।
দলীয় সূত্রের বরাতে জানা গেছে, ছায়া মন্ত্রিসভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদকে। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন জামায়াতের নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। আইন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. ইলিয়াস মোল্লা, ধর্ম মন্ত্রণালয়ে শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি সালাহউদ্দিন আইয়ুবীর নাম রয়েছে বলে জানা গেছে।
জামায়াতের নেতাদের ভাষ্য, সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কর্মকাণ্ড পর্যবেক্ষণ, সরকারি সিদ্ধান্তের বিকল্প নীতির প্রস্তাব তৈরি এবং সংসদে সরকারের জবাবদিহি নিশ্চিত করাই ছায়া মন্ত্রিসভার প্রধান উদ্দেশ্য। দলীয় নেতারা জানান, এরই মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম, বাজেট এবং সরকারের প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ড পর্যালোচনার কাজ শুরু হয়েছে।
জানা গেছে, প্রথমে জোটগতভাবে ছায়া মন্ত্রিসভা গঠনের চিন্তা থাকলেও শেষ পর্যন্ত দলীয় উদ্যোগেই এই কাঠামো তৈরি করা হয়েছে। প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়া মন্ত্রী থাকবেন। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ভিত্তিক টিম কাজ করবে এবং প্রয়োজন হলে উপমন্ত্রী পর্যায়েও দায়িত্ব বণ্টন করা হবে।
জামায়াতের নেতারা বলছেন, এই উদ্যোগের লক্ষ্য শুধু সরকারের সমালোচনা করা নয়; বরং সরকারের দুর্বলতা চিহ্নিত করে বিকল্প নীতি তুলে ধরা এবং ভবিষ্যতের জন্য দক্ষ নেতৃত্ব প্রস্তুত করাও এর অন্যতম উদ্দেশ্য।
দলের শীর্ষ আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, সংসদীয় গণতন্ত্রের শক্তিশালী চর্চা রয়েছে এমন দেশগুলোতে বিরোধী দলগুলো সরকারের পাশাপাশি ছায়া মন্ত্রিসভা গঠন করে। এর মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ, গঠনমূলক সমালোচনা এবং প্রয়োজনীয় সহযোগিতার সুযোগ তৈরি হয়।
রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. স ম আলী রেজার মতে, পার্লামেন্টারি গণতন্ত্রে ছায়া মন্ত্রিসভা নতুন কোনো ধারণা নয়। তাঁর মতে, এ ধরনের কাঠামো বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার প্রাতিষ্ঠানিক সুযোগ দেয় এবং সরকারের নীতি ও বাজেটের বিকল্প প্রস্তাব জনগণের সামনে উপস্থাপনের ক্ষেত্র তৈরি করে।
ফলে আনুষ্ঠানিকভাবে সদস্যদের নাম প্রকাশের পর জামায়াতের ছায়া মন্ত্রিসভা কীভাবে কাজ করে এবং সরকারের কার্যক্রম পর্যবেক্ষণে কী ভূমিকা রাখে, এখন সেটিই দেখার বিষয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা