ঢাকা, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
সেমিফাইনালে উঠে স্কালোনির বড় বার্তা
স্পোর্টস ডেস্ক: চরম নাটকীয়তা ও স্নায়ুচাপের লড়াই শেষে ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রোববার (১২ জুলাই) কানসাস স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। ম্যাচ শেষে দলের মানসিক দৃঢ়তার প্রশংসা করে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি বলেছেন, যেকোনো কঠিন পরিস্থিতিতে শান্ত থাকা এবং শেষ মুহূর্ত পর্যন্ত সমাধান খুঁজে নেওয়ার সামর্থ্যই এখন তার দলের সবচেয়ে বড় শক্তি।
চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার সেমিফাইনালে ওঠার পথ মোটেও সহজ ছিল না। প্রতিটি ম্যাচেই কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে দলটিকে। শেষ বত্রিশের ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে দুবার লিড হারিয়েও ৩-২ গোলের জয় তুলে নেয় তারা। পরে শেষ ষোলোয় মিশরের বিপক্ষে ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। আর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষেও নির্ধারিত ৯০ মিনিট ১-১ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে আরও দুটি গোল করে জয় নিশ্চিত করে মেসি-শিষ্যরা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আমরা জানতাম এই ম্যাচে আমাদের প্রচুর কষ্ট করতে হবে। লড়াই করা এবং কষ্ট সওয়া আমাদের রক্তে, আমাদের ডিএনএ-র অংশ। আর এই মানসিকতাই আমাদের মাঠে শান্ত থাকতে সাহায্য করে।’
স্কালোনির মতে, ২০২২ সালের কাতার বিশ্বকাপের অভিজ্ঞতাই বর্তমান দলকে চাপের মুহূর্ত সামলাতে আরও পরিণত করেছে। তিনি বলেন, ‘কাতারে আমরা এতটা অভিজ্ঞ ছিলাম না, এমনকি আমিও ছিলাম না। তখন এই ধরনের স্নায়ুচাপের পরিস্থিতি সামলানো আমাদের জন্য খুব কঠিন ছিল। কিন্তু এখন আমরা অনেক বেশি পরিপক্ব। প্রতিপক্ষের দাপট সামলানো কিংবা হঠাৎ সমতাসূচক গোল হজম করার পরও কীভাবে মাথা ঠান্ডা রাখতে হয়, তা আমাদের জানা। এই দল কখনোই হাল ছাড়ে না।’
ম্যাচের প্রথমার্ধে অধিনায়ক লিওনেল মেসির কর্নার থেকে দুর্দান্ত হেডে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তাঁর প্রশংসা করে স্কালোনি বলেন, ‘অ্যালেক্সিস একজন অসাধারণ ফুটবলার। সে দলের জন্য কঠোর পরিশ্রম করছে এবং এই সব প্রশংসাই তার প্রাপ্য।’
তবে ম্যাচের ৬৭ মিনিটে সুইজারল্যান্ড সমতায় ফিরলে লড়াই আরও কঠিন হয়ে ওঠে। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের গোলে নাটকীয় জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।
প্রতিপক্ষের প্রশংসা করতেও ভোলেননি স্কালোনি। তিনি বলেন, ‘তারা শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং খুবই কঠিন প্রতিপক্ষ ছিল। ম্যান-টু-ম্যান মার্কিংয়ের কারণে ওয়ান-অন-ওয়ান লড়াইয়ে জেতা আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়েছিল। মাঠের বিভিন্ন পজিশনে তারা আমাদের বেশ ভুগিয়েছে। তবে আমাদের বেঞ্চে এমন কিছু দুর্দান্ত খেলোয়াড় আছে, যারা যেকোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারে। পুরো স্কোয়াডের ওপর আমার এই আস্থাই শেষ পর্যন্ত আমাদের সমাধান এনে দিয়েছে।’
দলের সাফল্যের পুরো কৃতিত্ব খেলোয়াড়দেরই দিয়েছেন আর্জেন্টাইন কোচ। তাঁর ভাষায়, ‘গত ছয় সপ্তাহ ধরে ছেলেরা আমার প্রতিটি পরিকল্পনার ওপর শতভাগ আস্থা রেখেছে। আমরা একটি নিরেট দল হিসেবে খেলি, একসঙ্গে থাকি এবং যেকোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকি।’
এই জয়ের মাধ্যমে টানা ষষ্ঠবারের মতো বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এ অর্জন প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘আগে থেকে বিষয়টি নিয়ে আমি ভাবিনি, তবে এটি অবশ্যই পুরো দেশের জন্য গর্ব করার মতো একটি বড় অর্জন। সেমিফাইনালের টিকিট পেতে হলে কষ্ট করতেই হবে, আর আমরা সেই কঠিন পথ পেরিয়েই আজ এখানে পৌঁছেছি।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের আজকের ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (৬ জুলাই)
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- চলছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে প্রথম ওয়ানডে, Live দেখুন এখানে