ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

শীর্ষ নেতাদের নিয়ে আত্মসমর্পণ করবেন শেখ হাসিনা

২০২৬ জুলাই ১০ ১৯:৩২:২১

শীর্ষ নেতাদের নিয়ে আত্মসমর্পণ করবেন শেখ হাসিনা

ডুয়া ডেস্ক: ভারতে নির্বাসিত থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় দুই বছর পর আগামী ডিসেম্বরে দেশে ফেরার চূড়ান্ত পরিকল্পনা করছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দেশে ফিরে দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে নিয়ে তিনি সরাসরি আদালতে আত্মসমর্পণ করবেন। মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে দেশে ফেরার এই সিদ্ধান্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও রাজনৈতিক ও আইনি লড়াইয়ের লক্ষ্যেই তিনি এই পদক্ষেপ নিতে যাচ্ছেন বলে উল্লেখ করেন।

৭৮ বছর বয়সী এই রাজনীতিবিদ জানান, বাংলাদেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে অথবা প্রাণহানির ঝুঁকি রয়েছে এমনটি জেনেই তিনি ফেরার সিদ্ধান্তে অটল। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘আমার নেতাকর্মীরা বর্তমানে চরম দমন-পীড়নের শিকার হচ্ছেন। আমি চাই আমার মৃত্যু যদি আসে, তবে তা যেন নিজের দেশের মাটিতেই হয়। যেখানে আমার বাবা-মায়ের কবর রয়েছে এবং তাদের রক্ত মিশে আছে।’

২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন টানা চার মেয়াদের এই প্রধানমন্ত্রী। তাকে ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন ও বর্তমান সরকার ভারতের ওপর চাপ সৃষ্টি করলেও শেখ হাসিনা জানিয়েছেন, তিনি নিজেই ফিরবেন। এই প্রত্যাবর্তনের বিষয়ে কোনো বিদেশি শক্তির সঙ্গে তার আলোচনা হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘আমি স্বেচ্ছায় ফিরছি এবং এ নিয়ে কোনো গোপন সমঝোতার সুযোগ নেই।’

আওয়ামী লীগ প্রধানের দাবি, দলটির সর্বস্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং অনেকে আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন। এমতাবস্থায় তিনি সবাইকে সঙ্গে নিয়ে আদালতে হাজির হতে চান। এই বিচার প্রক্রিয়াকে তিনি ‘প্রহসনমূলক’ হিসেবে অভিহিত করে তা জনগণের সামনে তুলে ধরার চ্যালেঞ্জ জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার পাশাপাশি ভারতে অবস্থানরত আওয়ামী লীগের অন্যান্য শীর্ষ নেতারাও তার সঙ্গে দেশে ফিরে আত্মসমর্পণ করার প্রস্তুতি নিচ্ছেন।

সাক্ষাৎকারে শেখ হাসিনা আরও বলেন, দীর্ঘ সময় দেশ পরিচালনায় কিছু ভুলত্রুটি থাকতে পারে, তবে তার বিচার করার দায়িত্ব কেবল দেশের জনগণের। বর্তমানে তার দল বাংলাদেশে নিষিদ্ধ থাকা প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ‘আমাকে সাজা দেওয়া হতে পারে কিংবা নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হতে পারে, কিন্তু একটি প্রাচীন রাজনৈতিক দলকে কেন নিষিদ্ধ করা হবে? আমাদের ভালো-মন্দের বিচার করবে সাধারণ মানুষ।’

প্রবাসে থেকেও তিনি দল পুনর্গঠনের কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান। ইতোমধ্যে দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ১২৫টির নেতাদের সঙ্গে অনলাইনে বৈঠক করেছেন তিনি। কারাবরণ নিয়ে কোনো ভীতি নেই উল্লেখ করে তিনি বলেন, আশির দশক এবং ২০০৭ সালেও তিনি কারারুদ্ধ ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যুর ঘটনায় গত ২০২৫ সালের নভেম্বরে শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। তবে শুরু থেকেই তিনি তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

শেখ হাসিনার দেশে ফেরার এই সম্ভাব্য ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে মেরুকরণ ও উত্তাপ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুই বছরের রাজনৈতিক অস্থিতিশীলতা কাটিয়ে দেশ যখন স্থিতিশীলতার পথে এগোচ্ছে, তখন তার এই সিদ্ধান্ত সরকার ও কূটনীতির ওপর কেমন প্রভাব ফেলে সেটিই এখন দেখার বিষয়। ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের সমীকরণেও এটি বড় ধরনের পরিবর্তন আনতে পারে। তবে এই বক্তব্যের বিষয়ে ঢাকা কিংবা নয়াদিল্লির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা... বিস্তারিত