×

ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

হল দখল করব না, কাউকে করতেও দেব না: ফরহাদ

২০২৬ অক্টোবর ০৮ ১৮:৩৪:৩০

হল দখল করব না, কাউকে করতেও দেব না: ফরহাদ

নিজস্ব প্রতিবেদক: ‘আমরা নিজেরা হল দখল করব না, কাউকে দখল করতেও দেব না’—এই নীতির কারণেই ২০২৪ সালের নির্বাচনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কোনো হল বা রুম দখলের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গুরুদয়াল কলেজ শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এ দাবি করেন। অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

এস এম ফরহাদ বলেন, বিভিন্ন সময়ে নির্বাচন শেষে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ক্যাম্পাস ও হল দখলের অভিযোগ উঠেছে। তবে ২০২৪ সালের নির্বাচনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।

ডাকসুর জিএস জানান, তিনি, ভিপি ও এজিএস—তিনজনের কেউই হলে সিট নিয়ে থাকেননি। হলে থাকার সুযোগ থাকলেও মাস্টার্স শেষ হয়ে যাওয়ায় তারা নিজেদের সিট ছেড়ে দিয়েছেন। ওই সিটগুলোতে সাধারণ শিক্ষার্থীরা থাকবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের শতাধিক দোকানে আগে চাঁদাবাজি হতো বলে দাবি করেন ফরহাদ। তাঁর ভাষ্য, এসব চাঁদাবাজি বন্ধ করা হয়েছে। গত এক বছরে তাঁদের সবচেয়ে বড় অর্জন হিসেবে তিনি ‘সহিংসতামুক্ত ক্যাম্পাস’ তৈরির কথা উল্লেখ করেন।

শিক্ষার্থীদের সমালোচনাকে স্বাগত জানিয়ে ফরহাদ বলেন, সংগঠনের বিভিন্ন যোগাযোগমাধ্যমে অভিযোগ ও পরামর্শ জানানোর সুযোগ রয়েছে। প্রকাশ্যে সমালোচনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের সমালোচনা ও ফিডব্যাক আমাদের পাথেয়।’

অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলীসহ ছাত্রশিবির ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইনের পাশাপাশি অনুষ্ঠানে ইসলামী সংগীত, কাওয়ালি ও নাটিকা পরিবেশন করা হয়।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ