ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাবিতে ভর্তি আবেদনে বড় পতন, দুই বছরে কমেছে ৮০ হাজার
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করেছেন ২ লাখ ৪৮ হাজার ২২৪ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার আবেদন কমেছে ২৩ হাজার ৭৭৬টি। আর দুই বছরের ব্যবধানে আবেদন কমেছে ৮০ হাজার ৭৭৬টি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ধারাবাহিকভাবে কমে আসার প্রভাব পড়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সংখ্যায়।
শনিবার (২৮ নভেম্বর) রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটে ভর্তির আবেদন করার সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা। এসব ইউনিটে মোট আসন রয়েছে ৬ হাজার ১২৫টি। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে গড়ে ৪০ জনের বেশি শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে ইউনিটভেদে প্রতিযোগিতার এ চিত্রে পার্থক্য রয়েছে।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছিলেন ২ লাখ ৭২ হাজার শিক্ষার্থী। এর আগের শিক্ষাবর্ষ, অর্থাৎ ২০২৪-২৫ সালে আবেদন জমা পড়েছিল ৩ লাখ ২৯ হাজার। সে হিসাবে গত বছরই আবেদন কমেছিল প্রায় ৫৭ হাজার। এবার গত বছরের তুলনায় আবেদন কমেছে ২৩ হাজার ৭৭৬টি।
এবার আসনসংখ্যার তুলনায় সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে আইবিএ ইউনিটে। এ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১০ হাজার ৫৭৮ জন। অর্থাৎ প্রতি আসনের জন্য লড়বেন ৮৮ দশমিক ১৫ জন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত কমিটির তথ্য অনুযায়ী, বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৯ হাজার ৮৮৯ জন। এ ইউনিটে আসনপ্রতি আবেদন ৫২ দশমিক ৮২টি। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১ লাখ। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে আবেদন ৩৪ দশমিক ৪২টি।
ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩০ হাজার ৮০১ জন। এ ইউনিটে আসনপ্রতি আবেদন ২৯ দশমিক ৩৩টি। অন্যদিকে চারুকলা ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫ হাজার ৯৫৬ জন। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে আবেদন ৪৫ দশমিক ৮১টি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সঙ্গে যুক্ত দায়িত্বশীল এক কর্মকর্তা রোববার (২৯ নভেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আগে এইচএসসিতে ঢালাওভাবে পাস করানোয় আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যাও বেশি ছিল। এখন প্রকৃত মেধাবী শিক্ষার্থীরাই পাস করছে। সে কারণে গত দুই বছরে পাসের হার কমায় বিশ্ববিদ্যালয়ে আবেদনের সংখ্যাও কমেছে।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় পাসের হার আগের বছরের তুলনায় কমেছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এক বছরে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ। ১১টি বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ৬৯ হাজার ৯৭। অর্থাৎ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩, যা আগের বছরের তুলনায় প্রায় ৪২ শতাংশ।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদনের সময় শেষ হওয়ার পর আগামী ৫ ডিসেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে। শেষ পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর। চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া বাকি তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা ছাড়াও বিভাগীয় পর্যায়ের নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে। চারুকলা ও আইবিএ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে শুধু ঢাকা শহরে।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং চারুকলা—এই পাঁচটি ইউনিট রয়েছে। এ ছাড়া ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) জন্য পৃথক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার তারিখ ও সময়
বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সূচি অনুযায়ী, আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর (শনিবার)। পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১২ ডিসেম্বর (শনিবার) সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১৯ ডিসেম্বর (শনিবার) একই সময়ে নেওয়া হবে।
চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর (মঙ্গলবার) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। সবশেষে ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর (শনিবার) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এর আগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটে সর্বোচ্চ ১ লাখ ১৯ হাজারের বেশি আবেদন জমা পড়েছিল। এ ইউনিটে আসনপ্রতি আবেদন ছিল ৬৩ দশমিক ৬৩টি। মোট আসন ছিল ১ হাজার ৮৫১টি। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছিল ১ লাখ ৯ হাজার ৯০২টি। আসনপ্রতি আবেদন ছিল ৩৭ দশমিক ৪০টি।
ব্যবসায় শিক্ষা ইউনিটের ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল ৩৫ হাজার ২৭৯টি। এ ইউনিটে আসনপ্রতি আবেদন ছিল ৩৩ দশমিক ৫৯টি। চারুকলা ইউনিটে ১৩০টি আসনের জন্য আবেদন জমা পড়েছিল ৮ হাজার ২৫৮টি। আসনপ্রতি আবেদন ছিল ৬৩ দশমিক ৫২টি। আর আইবিএ ইউনিটের ১২০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ১১ হাজার ১৪৭ জন। এ ইউনিটে আসনপ্রতি আবেদন ছিল প্রায় ৯২ দশমিক ৮৯টি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- নিজ ক্যাম্পাসে ৪র্থ বর্ষের পরীক্ষার বিষয়ে যা জানালেন ঢাকেবির উপাচার্য
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, এক ক্লিকে দেখুন সরাসরি
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পানি উন্নয়ন বোর্ডে ৮৭৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- ডিসেম্বরে টানা ১২ থেকে ১৮ দিনের ছুটির সুযোগ
- ট্রান্সকম ইলেকট্রনিক্সে চাকরি, আবেদন শেষ ২৭ নভেম্বর
- ঢাবির ভর্তি আবেদন শেষ কাল, আবেদন ২ লাখ ছাড়াল