×

ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

মূল্যস্ফীতি ৬ শতাংশে নামানোর লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী

২০২৬ নভেম্বর ২৮ ১৯:৩৮:৫৮

মূল্যস্ফীতি ৬ শতাংশে নামানোর লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী

গত মে মাসে সার্বিক মূল্যস্ফীতি ৯ দশমিক ৪২ শতাংশ থাকলেও তা কমে গত অক্টোবরে ৮ দশমিক ২৭ শতাংশে নেমেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়নের উদ্যোগ এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। সরকারের লক্ষ্য মূল্যস্ফীতি আরও ২ থেকে ৩ শতাংশীয় পয়েন্ট কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামিয়ে আনার।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর গুলশানে ক্রাউন প্লাজা হোটেলে ‘স্টেট অব দ্য ইকোনমি: হোয়াট বিএনপি ইনহেরিটেড, হোয়াট ইট হ্যাজ অ্যাকমপ্লিশড অ্যান্ড হোয়াট ইজ টু কাম’ শীর্ষক সেমিনারে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে রয়েছে মূল্যস্ফীতি। এটি অভ্যন্তরীণ ও আমদানিজনিত এই দুই ধরনের। আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সার ও পরিবহন ব্যয় বেড়েছে। ফলে আমদানিজনিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা সীমিত। তবে অভ্যন্তরীণ মূল্যস্ফীতি কমাতে খাদ্যপণ্য ও খাদ্য উৎপাদনকারী শিল্পের কাঁচামালের ওপর শুল্ক-কর কমানো হয়েছে।

আগের শাসনামলে মূল্যস্ফীতি প্রায় ৯ দশমিক ৭০ শতাংশে উঠেছিল উল্লেখ করে তিনি আরও বলেন, গত অক্টোবরে তা কমে ৮ দশমিক ২৭ শতাংশ হয়েছে। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ১৪ দশমিক ১০ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৪০ শতাংশে নেমেছে।

আমির খসরু আরও বলেন, বর্তমানে ৫০ লাখ পরিবারকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে এ কর্মসূচির আওতায় ২ কোটি পরিবারকে আনার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া কৃষকদের বীজ ও সারে সহায়তা, চাল বিতরণ কর্মসূচি এবং শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল অনুমোদনের কথা জানানও মন্ত্রী। সর্বজনীন স্বাস্থ্যসেবা চালু, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব এবং ওষুধশিল্পের বিকাশেও সরকার কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

দেশের ঋণ পরিস্থিতি নিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অতীতের ঋণের বোঝা ও ব্যয় বৃদ্ধির চাপ থাকলেও প্রতিটি ঋণের কিস্তি সময়মতো পরিশোধ করা হচ্ছে। বাংলাদেশ কোনো ঋণ পরিশোধে খেলাপি হয়নি।

ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আলাদা ঋণ ব্যবস্থাপনা বিভাগ গঠন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে নাগরিকেরা দেশের প্রকৃত ঋণ পরিস্থিতি ও মাথাপিছু ঋণের হিসাব জানতে পারবেন।

সরকারি প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে চারটি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। এগুলো হলো- অর্থের যথাযথ ব্যবহার বা ‘ভ্যালু ফর মানি’, বিনিয়োগের বিপরীতে আর্থিক ও অর্থনৈতিক সুফল, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশগত প্রভাব। এসব শর্ত পূরণ না হওয়ায় অনেক প্রকল্প বাতিল করা হয়েছে। বাস্তবায়নের অগ্রগতি কম, এমন কিছু চলমান প্রকল্পও তালিকা থেকে বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত