×

ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগ

২০২৬ নভেম্বর ২৮ ১৭:৫৪:১২

ঢাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণের অভিযোগে ঠিকানা পরিবহনের ২২টি বাস আটকে ক্যাম্পাসে নিয়ে এসেছেন ঢাবি শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পরিবহন মালিকপক্ষের মধ্যস্থতায় মুচলেকা এবং অভিযুক্ত দুই কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাসে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে বাসগুলো আটকে রাখা হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের হস্তক্ষেপে শিক্ষার্থী ও পরিবহন মালিকপক্ষের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার সাভারের বাইপাইলগামী ঠিকানা পরিবহনের একটি বাসে শিক্ষার্থীর সঙ্গে বিরোধের সূত্রপাত হয়। ওই বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিয়া আফরিন মেহা তার মা ও বোনকে নিয়ে সিটি কলেজ থেকে বাইপাইল যাচ্ছিলেন। এ সময় বাসের কর্মীদের বিরুদ্ধে তাকে ও তার মাকে হেনস্তা করার অভিযোগ ওঠে।

ফেসবুক দেওয়া এক পোস্টে হেনস্তার শিকার মেহা জানান, আগে ওই রুটে বাসভাড়া ছিল ৭০ টাকা। তবে, শুক্রবার বাসের সহকারী তার কাছে ৯০ টাকা দাবি করেন। বর্ধিত ভাড়ার বিষয়টি জানা না থাকায় এবং শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া দেওয়ার নিয়ম অনুযায়ী তিনি নিজের পরিচয়পত্র দেখান।

মেহা আরও অভিযোগ করেন, অর্ধেক ভাড়া ও নতুন ভাড়া নিয়ে বাসের সহকারীর সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে চালক জানিয়ে দেন, তারা আর কোনো শিক্ষার্থীর কাছ থেকে অর্ধেক ভাড়া নেবেন না। পরে, বাধ্য হয়ে পুরো ভাড়া পরিশোধ করলেও সহকারী তার সঙ্গে অসদাচরণ করেন। এ সময়, মেহার মা প্রতিবাদ করলে বাস থেকে নামার পর তাকেও উদ্দেশ করে গালিগালাজ ও অপমানজনক মন্তব্য করা হয়।

এ ঘটনার প্রতিবাদে শনিবার বৈশাখী রুটে চলাচলকারী ঠিকানা পরিবহনের ২২টি বাস আটকে ক্যাম্পাসে নিয়ে আসেন শিক্ষার্থী ও ভুক্তভোগীর বন্ধুরা। অভিযুক্ত বাসটিও শনাক্ত করা হয় বলে জানান শিক্ষার্থীরা।

ঘটনার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন) জানান, শিক্ষার্থীরা বাসগুলো ক্যাম্পাসে নিয়ে এলেও কোনো ভাঙচুর বা অসদাচরণের ঘটনা ঘটেনি। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসে বিষয়টির সমাধান করে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত